সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে
যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ডরিনকে গ্রেপ্তার করা জয়
সংসদ সদস্য থাকাকালে কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন জানিয়েছেন।
রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পরদিন তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
তিন দিনের রিমান্ড শেষে রোববার ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ‘দুষ্কৃতিকারীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতা করতে জড়ো হন। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ।
এ মামলায় ডরিনের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার রিমান্ড প্রয়োজন।
২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন।
তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় কলকাতায় মামলা হয়। আনারের মেয়ে ডরিনও ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে তখন ডরিনকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল ডরিনকে।
ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান।
সে সময় পুলিশ বলেছে, এমপি আনার হত্যার ‘হোতা’ তার বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা শিমুল।
ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তখন বলেছিলেন, সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয়। পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠায় পুলিশ।
