২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল

ঢাকার বেইলি রোড এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় স্বাস্থ্যের সাবেক এ সচিবকে।

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:13 PM

Updated : 22 Nov 2026, 06:13 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।

গত ১৯ নভেম্বর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী।

এসআই রফিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাগর আহম্মেদ। এসময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হন সাগর। ওই দিন সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় তার।

এ মামলায় বাদী হয়েছেন সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় মামলা করেন তিনি।