২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জিহাদ হত্যা: রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন

গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 06:59 PM

Updated : 28 Oct 2026, 06:59 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ঢাকা মেট্রো উত্তর বিভাগের পরিদর্শক ফরিদ উদ্দিন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়। আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সেসব মামলায় রিমান্ড মঞ্জুর হয়। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেননি তদন্ত কর্মকর্তা।

“পরে আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জিহাদ হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।

নিহতের বাবা নুরুল আমিন মোল্লা এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।