২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ

দরগ্রাম বাজারে এ ঘটনা ঘটে বলে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:18 PM

Updated : 22 Nov 2026, 11:18 PM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে ‘বাবুল ট্রেডার্স’-এ সার বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান।

স্থানীয়রা জানান, সকালে দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্সের দোকানে কৃষকদের মধ্যে সার বিতরণ চলছিল। এ সময় সরবরাহের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা ছিল অনেক বেশি। একপর্যায়ে লাইনে দাঁড়িয়ে থাকা সবার মধ্যে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়।

এ সময় দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম সার শেষ হয়ে যাওয়ার বিষয়টি জানালে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে লাঞ্ছিত করেন।

খবর পেয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, কৃষকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। অতিরিক্ত চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

মাসিক বরাদ্দের চেয়ে অতিরিক্ত সার পাওয়া গেলে চাহিদাসম্পন্ন ইউনিয়নগুলোতে তা বণ্টন করা হবে। পাশাপাশি কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে জানানো হয়েছে বলে জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, লাঞ্ছিত হওয়ার কোনো তথ্য তার কাছে নেই; তবে সেখানে বাকবিতণ্ডা হয়েছিল বলে তিনি জেনেছেন।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।