২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার ও ট্রাক চালকের সহকারী আটক

নিয়মিত মামলার পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 02:01 PM

Updated : 29 Oct 2026, 02:01 PM

ফরিদপুরের ভাঙ্গায় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাক চালকের সহকারীকে আটক করেছে প্রশাসন। তারা সারগুলো পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে।

বুধবার রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন।

আটক এ কে এম ইলিয়াস হাওলাদার মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাতে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সারবোঝাই ট্রাকটি জব্দ করে। আটক করে ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে।

এ ঘটনায় ওই ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা।