২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ‘মোংলামুখী জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ’

দেশের বস্ত্রখাতসহ বিভিন্ন শিল্পে এ রাসায়নিকের বহুল ব্যবহার রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:52 PM

Updated : 22 Nov 2026, 10:52 PM

বাংলাদেশের মোংলা বন্দরমুখী একটি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দের খবর দিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা— আনতারা নিউজ।

সংবাদমাধ্যমটি শনিবারের এক প্রতিবেদনে বলেছে, গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ান নৌ বাহিনীর একটি ইউনিট উত্তর সুমাত্রা সাগর থেকে কমোরোসের পতাকাবাহী জাহাজ স্টারলাইন আটক করে। জাহাজে ১৫টি কন্টেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়।

আনতারা নিউজ লিখেছে, ওই জাহাজে কয়েক লাখ ‘ফোর জি এলটিই’ ব্ল্যাংক সিম কার্ড পাওয়া গেছে। জাহাজটি পরে পাহারা দিয়ে তীরে নিয়ে আসা হয়।

রাসায়নিকের চালান আটকে দেওয়ার কারণ হিসেবে দেশটির আরেক সংবাদমাধ্যম ‘কুমপারান নিউজ’ লিখেছে, জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। এটি স্বাভাবিক নিয়মে চলাচল (ম্যানুভার) করছিল না। জাহাজটির সঙ্গে কোনো যোগাযোগও স্থাপন করা যাচ্ছিল না বলেও লিখেছে সংবাদমাধ্যমটি।

বাংলাদেশের টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পে সোডিয়াম পারক্লোরেটের বহুল ব্যবহার রয়েছে। বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা হয় এ রাসায়নিক। উচ্চমাত্রার জারক হওয়া সোডিয়াম পারক্লোরেট আমদানিতে বেশ কিছু বিধিনিষেধ মানতে হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিস্ক্রিকরণ দলের একজন কর্মকর্তা বলেন, “সোডিয়াম পারক্লোরেট বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। তবে দেশের বিভিন্ন শিল্পে এর বহুল ব্যবহার রয়েছে।

“পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকার ব্যবসায়ীরা হরহামেশা এ রাসায়নিক বিক্রি করেন। আমরা অবশ্য অনেক দিন ধরে এ ধরনের রাসায়নিক বিক্রিতে আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের কথা বলে আসছি।”

বাংলাদেশের ব্যবসায়ী পাড়ায় সোডিয়াম ক্লোরেটবাহী জাহাজ আটকের খবর আগেই ছড়িয়েছে।

দেশের ব্রাইটসায়েন্টিফিক নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য ধরে যোগাযোগ করা হলে জানানো হয় তাদের দোকানে সোডিয়ার পারক্লোরেট বিক্রি হয়।

মূলত পোশাক পরীক্ষার জন্য গড়ে ওঠা ল্যাবগুলোতে রাসায়নিকটির বহুল ব্যবহার রয়েছে। তাদের জন্যই বাংলাদেশের ব্যবসায়ীরা এটা বিক্রি করেন বলে ব্রাইট সায়েন্টিফিক স্টোরের প্রতিনিধিরা জানান।

প্লাস্টিক ও পিভিসি পাইপ তৈরির কারখানাতেও এ রাসায়নিক ব্যবহার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন রাসায়নিক আমদানিকারক বলেন, “সোডিয়াম পারক্লোরেট খুবই উচ্চমাত্রার অক্সিডাইজার। অর্থাৎ এটি নিজে দাহ্য না হলেও আগুনের সংস্পর্শে এলে এটি উচ্চতাপের আগুন তৈরি করে বা বিস্ফোরিত হয়। এটি উচ্চ মাত্রার অক্সিডাইজিং এজেন্ট যা থেকে বিস্ফোরকও তৈরি করা সম্ভব। এ কারণে এটি আমদানিতে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।”

তিনি বলেন, “এ ধরনের অক্সিডাইজিং এজেন্ট পরিবহন করতে হয় বিশেষ কন্টেইনারে। যার ভাড়া পড়ে অন্তত চার হাজার ডলার। আর একই সাইজের সাধারণ কন্টেইনারের ভাড়া দুই হাজার ডলারের মতো। অর্থাৎ ১৫ কন্টেইনার মিথ্যে ঘোষণায় সাধারণ কন্টেইনারে আনতে পারলেই ৩০ হাজার ডলার সাশ্রয়।

“এটি খালাসের সময় অনেক বিধিনিষেধ মানতে হয়, শৃঙ্খলাবাহিনীর তত্ত্বাবধানে খালাস করতে হয়। এসব ‘ঝামেলা’ এড়াতে এবং আমদানির খরচ বাঁচাতে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায়ই মিথ্যে ঘোষণা দিয়ে এই রাসায়নিক আমদানি করে থাকেন।”

ওই ব্যবসায়ী বলেন, মূলত ভারত ও ইন্দোনেশিয়া থেকে এ রাসায়নিক আমদানি হয়। সম্ভবত কোনো ব্যবসায়ী পয়সা বাঁচাতে গিয়ে মিথ্যে ঘোষণায় আনতে গিয়ে ফেঁসে গেছেন।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর জাহাজটি বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল।