আইইউবিএটিতে রোবোটিকস চ্যাম্পিয়নশিপ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৮০টির বেশি দল এতে অংশ নেয়।
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে ‘জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৮০টির বেশি দল অংশ নেয় বলে আইইউবিএটি কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস ও প্রকৌশলভিত্তিক উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণামুখী মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন ও যন্ত্রকৌশল বিভাগের চেয়ার অধ্যাপক দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সজল সাহা এবং আইআইইসির পরিচালক নাঈম হোসেন উপস্থিত ছিলেন।
