ডিআইইউর যৌথ আয়োজনে হাঙ্গেরিতে ৩৮তম এইউএপি সম্মেলন
সম্মেলনে ১৬ দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ আয়োজনে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হল এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ৩৮তম বার্ষিক সম্মেলন।
সম্মেলনে ১৬ দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ডিআইইউ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হাঙ্গেরির হাঙ্গারিকুম লিগেট হোটেলে ‘রিইমাজিনিং হায়ার এডুকেশন ইন দ্য এজ অব এআই: ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইমপ্যাক্ট ফর আ সাসটেইনেবল ফিউচার’ প্রতিপাদ্যে ৯ থেকে ১০ নভেম্বর এক সম্মেলনের আয়োজন করা হয়।
দুইদিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সবুর খান।
তিনি সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে ‘বিল্ডিং হিউম্যান-সেন্টারড, এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যান্ড সাসটেইনেবল ইউনিভার্সিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।
মূল বক্তব্যে সবুর খান এআই এর অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়, উচ্চশিক্ষায় উদ্যোক্তা মানসিকতার বিকাশ এবং টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
