রাজধানীতে আইএইউপি সম্মেলন
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি আয়োজনে অংশ নেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে রাজধানীতে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি) সম্মেলন হয়েছে।
ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, বনানীর শেরাটন হোটেল ও সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বৃহস্পতিবার থেকে শনিবার এ সম্মেলনের বিভিন্ন পর্ব হয়েছে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ সম্মেলন আয়োজন করা হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সম্মেলনের মধ্যে শুক্রবার শেরাটন হোটেলে ‘আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং’ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।”
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, “শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চাই আমরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।”
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালকও।
‘আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং’ উদ্বোধন অনুষ্ঠানে আইএইউপির প্রেসিডেন্ট শন চেন এবং ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের প্রেসিডেন্ট মুস্তাফা আইদিন উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি আয়োজনে অংশ নেন।
‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্যে এ সম্মেলন হয়েছে।
