আনতালিয়া: পর্যটনের রাজধানীতে জলবায়ুর হিসাব-নিকাশ
“আগের কপ সম্মেলনে আলাপ-আলোচনা অনেক হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি,” বলেন তুরস্কের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহবাজ খান।
সবুজে ঘেরা প্রাচীন রোমান-অটোমান স্থাপত্যের ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে আনতালিয়া। এটি তুরস্কের পর্যটন রাজধানী হিসেবে পরিচিত।
সোমবার থেকে এই শহরের ট্রেড সেন্টারে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১।
বাংলাদেশসহ ১৯০টি দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিচ্ছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি মঙ্গলবার আনতালিয়ায় পৌঁছেছেন।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু অর্থায়ন, অভিযোজন (অ্যাডাপটেশন), গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতা জোরদার।
সোমবার আনতালিয়ার এক্সপো সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ উদ্বোধন হয়। স্বাগতিক দেশ তুর্কিয়ের আয়োজনে এই সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম। সম্মেলনের আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার আইলন গাই বোয়েন (ক্রিস বোয়েন)।
১১ দিনের এ সম্মেলন শেষ হবে ২০ নভেম্বর।
বিশ্ববাসীর দৃষ্টি এখন আনতালিয়ায়
সবুজ গাছগাছালিতে ঘেরা আনতালিয়া শহর, শীতের আবরণে চমৎকার আবহাওয়া, ভূমধ্যসাগরীয় উপকূলের নীল সমুদ্রসৈকত। এই শহরে এখন জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর সরকারপ্রধান ও কয়েক হাজার পরিবেশকর্মী সমবেত হয়েছেন।
মঙ্গলবার বিকালে সম্মেলনস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন দেশের পরিবেশকর্মী, সংবাদকর্মী, বেসরকারি সংস্থার কর্মীদের উপস্থিতি।
নেদারল্যান্ডস থেকে আসা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট রিচার্ড জুলিয়াস বলেন, “কী চমৎকার শহর। মন জুড়িয়ে যায়। আমি কপ-৩১-এ যোগ দিতে এসেছি।”
“সম্মেলনের আজকের আলোচনায় ছিল জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কীভাবে সহযোগিতা করা যায়?”
সম্মেলনস্থল কেন আনতালিয়ায়?
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরে ‘আনতালিয়া’ শহর। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শহরটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত হোটেল এবং বড় পরিসরের সম্মেলন আয়োজনের সুবিধা থাকায় শহরটি আন্তর্জাতিক আয়োজনের জন্য উপযুক্ত।
তুরস্কের ইস্তাম্বুলের সাবানচি ইউনিভার্সিটির শিক্ষার্থী পাকিস্তানি নাগরিক শাহবাজ খান বলেন, “ইস্তাম্বুলে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কনকনে শীত। গত বছর এই সময়ে কিন্তু এমন আবহাওয়া ছিল না। এর কারণ কী?
“বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবারে তুরস্কের আনতালিয়া সম্মেলনের দিকে আমাদের সবার দৃষ্টি। উন্নত দেশগুলো এ ব্যাপারে কী ভূমিকা নেয়, কোনো কোনো বিষয়ে ঐকমত্য হয়, সেটাই দেখার অপেক্ষায় আমরা। কারণ, বিগত কপ সম্মেলনে আলাপ-আলোচনা অনেক হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি।”
আনতালিয়াকে কেন সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে, এমন প্রশ্ন ছিল শাহবাজের কাছে।
ব্যাখ্যায় তিনি বলেন, “এ ক্ষেত্রে আমার বিশ্লেষণ বলেন, ব্যাখ্যা বলেন, আনতালিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে শহরটির ভৌগোলিক অবস্থান। এই শহরটি ‘সভ্যতা ও সংস্কৃতির সেতু’ হিসেবে কাজ করে, যা জলবায়ু-সংক্রান্ত কূটনৈতিক প্রতিশ্রুতি এবং মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যকার দূরত্ব ঘোচাতে আদর্শ স্থান।”
ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্মেলনে যোগ দিতে আসা ইতালির মিজ সোনারীও বলেন, “ভূমধ্যসাগরীয় অঞ্চলের এ শহরটি নিজেই জলবায়ু পরিবর্তনের বাস্তব চ্যালেঞ্জ যেমন, তীব্র পানির সংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকির মুখোমুখি। ফলে জলবায়ু সংকটের বাস্তব চিত্র আলোচনার টেবিলে এনে এর একটি সমাধানের পথ উন্মুক্ত করা এবারের আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি।”
সম্মেলনস্থলে বাংলাদেশসহ ১৯৩টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। রয়েছে বিভিন্ন দেশের পরিবেশ-সম্পর্কিত বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।
জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত সম্মেলন বা কপের (সিওপি) পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। কপের সদস্যদেশগুলো ১৯৯২ সালে ‘দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ (ইউএনএফসিসিসি) চুক্তি সই করে। বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থাকে মানুষের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ তৎপরতা থেকে রক্ষাই এর লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে কপের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি ও পরিবেশবিদরা এই সম্মেলনে মিলিত হন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মোকাবিলায় অনুদান বা অর্থায়ন নিয়ে আলোচনা করতে।
আনতালিয়া বিমানবন্দর থেকে আনতালিয়ার জলবায়ু সম্মেলনের দূরত্ব ২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে পুরো সড়কে ‘ওয়েলকাম আনতালিয়া’ লেখা বিলবোর্ড। তুরস্কের পতাকাসহ বিভিন্ন দেশের পতাকা দিয়ে পুরো সম্মেলনস্থল বর্ণিলভাবে সাজানো হয়েছে।
বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, “এবারের সম্মেলন থেকে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন প্রত্যাশা করে। এখন আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন চাইবে বাংলাদেশ। আজকের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ ব্যাপারে বিশ্বনেতাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।”
“আমরা মনে করি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেশগুলো চরম ঝুঁকিতে আছে। এখনই এর প্রতিকারে ব্যবস্থা নিতে না পারলে আমাদের জন্য সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, এটা নিঃসন্দেহে বলা যায়।”
বিশাল মিডিয়া সেন্টারসহ গণমাধ্যমকর্মীদের জন্য রয়েছে সর্বাধিক সুযোগ-সুবিধা। পুরো সম্মেলনস্থলে রয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। প্রতিদিন সম্মেলনে আগতদের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হয় চকলেট, পানি, ড্রিংকস এবং আপেলসহ বিভিন্ন ফল।
সম্মেলনের প্রধান কর্মসূচি
বুধবার ও বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হবে। সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’-এ অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
