১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কপ-৩১: বাংলাদেশের প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী

তারেক রহমান প্যাভিলিয়নে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানদের সঙ্গেও কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 10:27 PM

Updated : 11 Nov 2026, 10:27 PM

তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) গ্রিন জোনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে সরকার প্রধান প্যাভিলিয়ন স্থলে আসেন বলে তথ্য দেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন। প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

“প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানদের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ।”

প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন বলেও জানান হাসান শিপলু। তার তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু বিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ প্যাভিলিয়নের বাইরে বড় পর্দায় দেশের জলবায়ু পরিবর্তনের যে পরিস্থিতি তা সম্প্রচার করা হচ্ছে। এছাড়া তুলে ধরা হচ্ছে পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপগুলোও।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার বিকালে সস্ত্রীক ঢাকা থেকে আনতালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রয়েছে।