উপকূলের ঘরহারা মানুষের কান্না কি পৌঁছাবে আনতালিয়ায়?
কপের মত আন্তর্জাতিক সম্মেলনে প্রতিশ্রুতি আসে, তহবিলের ঘোষণা হয়, চলে দর-কষাকষিও। কিন্তু বছরের পর বছর ঘরহারা মানুষের ভাগ্যে জোটে না স্থায়ী আশ্রয়, ভাঙা বেড়িবাঁধও মেরামত হয় না।
নদী কেড়ে নিয়েছে ঘরবাড়ি, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি কেড়ে নেয় শেষ সম্বলটুকুও। কেউ আশ্রয় নিয়েছেন লঞ্চঘাটে, কেউ ফুটপাতে; আবার কেউ প্রতিদিন কাটান নতুন করে ঘর হারানোর আতঙ্কে।
এমন নদীভাঙা মানুষদের একজন ষাটোর্ধ্ব পেয়ারা বেগেম। সব হারিয়ে বরিশালের নৌবন্দর এলাকায় ঠাঁই হয়েছিল তার। চার মেয়ে ও নাতিদের নিয়ে থাকছিলেন সেখানে; সেই অস্থায়ী আবাসও খুইয়েছেন সম্প্রতি। লঞ্চঘাটসংলগ্ন পাইকারি কাঁচাবাজার এলাকায় সবজি কুড়িয়ে এবং মেয়েদের কাজের আয়ে টেনেটুনে চলছে তাদের সংসার।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন বদলে যাওয়া বাংলাদেশের উপকূলের এমন লাখো মানুষের ক্ষয়ক্ষতি আর দুর্দশার কথা এবার তুলে ধরা হবে তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১)।
তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত অর্থায়নের আলোচনা থেকে বাস্তুচ্যুত এসব মানুষের জীবনে কতটা পরিবর্তন আসবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ‘তীব্র ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত’ দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়ার নেতৃত্বে সম্মেলনে এবারের আলোচনায় বরিশালের পেয়ারা বেগমদের কান্না কতটুকু পৌঁছাবে সেটাই দেখার বিষয়।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ধাক্কায় শুধু বাংলাদেশেই প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হওয়ার শিকার হয়েছেন বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সবশেষ তথ্য।
নদীভাঙনে মেহেন্দিগঞ্জের পাতারহাট গ্রাম থেকে বাড়িঘর ও জমিসহ সব হারানো পেয়ারা বেগমের এখনও কোনো ঘর না পাওয়ার আক্ষেপ ঘোচেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নদীতে বাড়িঘর ভাইঙ্গা নেছে। কই থাকমু। তাই আইয়া লঞ্চঘাটে থাহা শুরু করছি। এহন হেইআনেও থাকতে দেয় না। নতুন লঞ্চঘাটে এহন থাহি।”
পেয়ারা বেগমের মতো তিন সন্তানকে নিয়ে লঞ্চঘাট এলাকায় দুই বছর ধরে বাস করছেন শিরীন ও মোতালেব দম্পতি।
বাপ-দাদার ভিটে হারিয়ে স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রাম থেকে অনেক দূরে বরিশালের লঞ্চঘাটের ঘুপচি ঘরে থাকা পটুয়াখালীর কালাইয়া এলাকার বাসিন্দা মোতালেব বলেন, নিজেদের কোনো বাড়ি বা জমি নেই। যে কারণে লঞ্চঘাট ও ফুটপাতে দিন কাটছে তাদের।
জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত এসব মানুষের ভাগ্যে জুটেছে এমনই দুর্বিষহ জীবন।
তাদের মত ভিটাহারা বরগুনা সদরের পাতাকাটা এলাকার জগদীশ চন্দ্র মিস্ত্রি স্বাধীনতার আগে থেকেই এ এলাকায় বাস করছেন। ৭০ বছর বয়সি এই ব্যক্তি দেখেছেন বহু ঘূর্ণিঝড় ও বন্যা। সবশেষ দেখেছেন সিডরের মতো প্রলয়ংকরী ঝড়। ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১২ ফুট উঁচু পানির ঢেউ আঘাত হানে বরগুনায়।
পানির চাপে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পাড়ের বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় ৬৮ হাজার ৩৭৯টি ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। প্রাণ হারান জেলার ১ হাজার ৪৩৫ জন মানুষ।
এখনও প্রায় মাসেই বড় ধরনের জোয়ারের পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ সবকিছু। এর কারণ, নদীপাড়ের কিলোমিটারের পর কিলোমিটার বেড়িবাঁধ এখনও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের।
উপকূলের এমন লাখো মানুষের মত বরগুনা সদরের পাতাকাটা এলাকার কেষ্ট চন্দ্র হাওলাদারের (৪৮) প্রতিটি দিন কাটে আতঙ্কে। এই বুঝি জোয়ারের পানি এসে ভাসিয়ে নিয়ে যাবে ঘরের আসবাবপত্র, এমনকি রান্নার হাঁড়িটিও।
সিডর, আইলা ও মহাসেনের মতো ঘূর্ণিঝড়ের সাক্ষী এই মানুষগুলোর একটাই দাবি–নদীপাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, যাতে পরিবার নিয়ে জীবনের বাকি দিনগুলো নিরাপদে কাটাতে পারেন।
বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার বলেন, বরিশাল নগরীর চারটি বস্তি এলাকায় বসবাস করা বাসিন্দাদের ২০ ভাগ নদীভাঙনের শিকার হয়ে এসেছেন। নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ভিটেবাড়ি হারানো মানুষদের জন্য বিভিন্ন সময় ঘর করে দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের অনেকেই বঞ্চিত হয়েছেন।
বাস্তুহারা এমন মানুষের জন্য বর্তমানে নতুন সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কী করবে, সেই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
পেয়ারা বেগমরা কেন বাস্তুহারা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে বিশ্বজুড়ে। উন্নত দেশগুলোর উন্নয়নের বলি হচ্ছে তাদের অনেক দূরবর্তী দেশ ও জনপদ। বৈশ্বিক প্রভাবের ভুক্তভোগী হচ্ছে প্রান্তিক মানুষ।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় জনপদ। এমন জনপদের মধ্যে রয়েছে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক স্থান।
প্রাকৃতিক এসব দুর্যোগের সঙ্গে লবণাক্ততার বিস্তার মানুষের বসতি ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। নদীভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেঙে পড়ছে বসতভিটা। ফলে পেয়ারা বেগমদের মতো অনেক মানুষ বাধ্য হচ্ছেন নিজের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে।
বাংলাদেশের বরিশাল, বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা ও বাগেরহাটের মতো উপকূলীয় জেলাগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে হারাচ্ছেন জীবিকার উৎস, হারাচ্ছেন বসবাসের শেষ আশ্রয়টুকুও। নতুন করে ঘর বাঁধার সামর্থ্য না থাকায় তাদের কেউ আশ্রয় নিচ্ছেন শহরের বস্তিতে, কেউ লঞ্চঘাটে কিংবা ফুটপাতে। এভাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু তাদের বসতভিটাই কেড়ে নিচ্ছে না, অনিশ্চিত করে তুলছে পরবর্তী প্রজন্মের জীবনও।
জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মালিক ফিদা এ খান দুটি কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ার কথা বলেছেন।
তিনি বলেন, “দেশের উপকূলীয় অঞ্চল থেকে দুর্যোগ ও লবণাক্ততার কারণে ‘পুশ ফ্যাক্টর’ এবং কর্মসংস্থানের খোঁজে ‘পুল ফ্যাক্টর’-এর প্রভাবে মানুষ শহরের দিকে বাস্তুচ্যুত হচ্ছে।”
কপে প্রতিশ্রুতির ফুলঝুরি, উপকূলে অর্থ পৌঁছাবে?
বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ৮০০ কিলোমিটার দূরে বসছে এবারের কপ-৩১ সম্মেলন। এই বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় মানুষের সব হারানোর হাহাকারের কথা কতটা এবং কীভাবে পৌঁছাবে?
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের লাখো মানুষের এমন বার্তা এককভাবে না পৌঁছালেও সমন্বিতভাবে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার প্রচেষ্টা থাকে সরকারের।
জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে কাজ করা মালিক ফিদা এ খান বলেন, “তারপরও নিয়ম হচ্ছে–বিশ্ব ফোরামে আপনাকে জানাতে হবে যে আমাদের উপকূলীয় অঞ্চলে আজকে এই ক্ষতি হচ্ছে। আমাদের প্রায় এত এত লাখ লোক বাস্তুচ্যুত হচ্ছে। আমাদের উপকূল সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং বাগেরহাট–এই অঞ্চলে জনসংখ্যা কমে যাচ্ছে।”
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, কপ সম্মেলনে মূলত দুটি ধারা পাশাপাশি চলে। একটি আনুষ্ঠানিক দর-কষাকষি, যেখানে সব দেশের ঐকমত্যে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যটি সভাপতির ‘অ্যাকশন এজেন্ডা’, যেখানে স্বেচ্ছামূলক লক্ষ্য ও উদ্যোগ ঘোষণা করা হয়, কিন্তু কোনো দেশের ওপর নতুন বাধ্যবাধকতা চাপানো হয় না।
“বাংলাদেশের মূল প্রশ্নগুলো প্রথম ধারার। প্রতিশ্রুত অর্থ কবে আসবে, কোন রূপে আসবে, আর উপকূলের ঘরহারা মানুষটির কাছে তা পৌঁছাবে কি না। ‘বাস্তবায়নের কপ’ এ কতগুলো নতুন ঘোষণা এল, তা দিয়ে নয়। উপকূলের একটি পরিবার নিরাপদ ঘর পেল কি না, আর প্রতিশ্রুত অর্থ ঋণের কিস্তি হয়ে ফিরে এল কি না, বিচার হবে তা দিয়ে। বাংলাদেশ করুণা চাইছে না। চাইছে তার প্রাপ্য।”
কপের মঞ্চে কূটনীতি, বাস্তবায়নে অনিশ্চয়তা
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জমান বলেন, বাংলাদেশে কার্বন নিঃসরণের হার নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ২০৫০ সাল নাগাদ ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। মিটিগেশন ফান্ডের জন্য বাংলাদেশ ১৩৭ বিলিয়ন ডলার চেয়েও তা পায়নি। বর্তমানে কপে ‘লস অ্যান্ড ড্যামেজ’ ফান্ডের বিষয়টি মুখ্য হয়ে উঠেছে।
“বাংলাদেশ সরকার লস অ্যান্ড ড্যামেজের একটি ফ্রেমওয়ার্ক তৈরির প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অভিযোজন হলো ভবিষ্যতের ক্ষতি মোকাবেলার প্রস্তুতি, আর লস অ্যান্ড ড্যামেজ হলো যে ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে, তার ক্ষতিপূরণ দাবি করা।”
জলবায়ু পরিবর্তন বিশ্লেষক মালিক ফিদা এ খান বলেন, আগে অঙ্গীকার করা হয়েছিল, উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার অভিযোজন তহবিল দেবে। কপে ১৯২টি দেশের সর্বসম্মত ঐকমত্যে পৌঁছানো কঠিন। এ ছাড়া তহবিল ছাড়ে উন্নত দেশগুলোর কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না।
“বর্তমানে কপ সম্মেলনগুলো মূলত ‘জলবায়ু কূটনীতিতে’ পরিণত হয়েছে। কপের আয়োজক দেশগুলো (যেমন—আজারবাইজান, তুরস্ক, অস্ট্রেলিয়া) নিজেরাই প্রধান কার্বন ও তেল নিঃসরণকারী দেশ হওয়ায় এই সম্মেলনগুলো থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়।”
তিনি বলেন, আগে উন্নত দেশগুলো বলত, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বা অভিযোজন তহবিলের সুনির্দিষ্ট নথিপত্র নেই। পরে আইপিসিসি ও ইউএনএফসিসিসির মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশ সরকার ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান তৈরি করে।
লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের বোর্ড ফিলিপাইনে করা হলেও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাসেসমেন্টের জটিলতার অজুহাতে উন্নত দেশগুলো ইচ্ছাকৃতভাবে তহবিল প্রক্রিয়া বিলম্বিত করে বলে মনে করেন এই পানি সম্পদ বিশেষজ্ঞ।
কী ভূমিকা সরকারের
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক ক্ষতি আনুমানিক ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হবে।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিলের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ বলে তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কপ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা ও দর-কষাকষি আরও জোরালো করতে সমন্বয় বাড়াতে হবে।
“আমরা যখন বৈশ্বিক আলোচনার টেবিলে বসব, বিশ্বনেতা ও অংশীজনদের সঙ্গে কথা বলব, তখন বাংলাদেশের সরকার, বেসরকারি খাত, বিশেষজ্ঞ এবং অন্যান্য অংশীজনের একটি ঐক্যবদ্ধ অবস্থান থাকা প্রয়োজন।”
অধ্যাপক আহমদ কামরুজ্জমান বলেন, এমন প্রকল্প দরকার, যা আন্তর্জাতিক তহবিলের দরজায় গিয়ে প্রথম দফাতেই গ্রহণযোগ্য হয়। এ জন্য মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন পর্যন্ত প্রকল্প তৈরির সক্ষমতা বাড়াতে হবে।
এই বিশেষজ্ঞের মতে, স্বল্পোন্নত দেশগুলোর জোট এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরামের (সিভিএফ) সঙ্গে সমন্বিত অবস্থান নিলে অর্থায়ন ও অভিযোজনের দাবি চূড়ান্ত সিদ্ধান্তে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের এ সম্মেলনে দেশের অবস্থান তুলে ধরবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জি কে গউছ এ সম্মেলন থেকে ভালো কিছু পাওয়ার আশা করছেন। বলেন, “বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য বেশ কিছু নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। আমরা তা বাস্তবায়ন করব।”
