মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
কুতুবদিয়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুতুবদিয়ার বাতিঘর পাড়া গ্রামটি গড়ে উঠেছিল ব্রিটিশ আমলের বাতিঘর ঘিরে। বছর পাঁচেক আগে বাতিঘরটি বিলীন হয়েছে বঙ্গোপসাগরে। সঙ্গে ভেসে গেছে ফসলি জমি, বসত ভিটা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে এক সময় শুধু এই দ্বীপটি নয়, দেশের একটি অংশও সাগরে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দ্বীপবাসীর বিশ্বাস, কুতুবদিয়া বিলীন হতে পারে না।
বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট-এর গবেষণা কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, এই দ্বীপটির আয়তন ছিল ২৫০ বর্গ কিলোমিটর। বিগত একশ' বছরে এর ৬৫ শতাংশই সাগরে বিলীন হয়ে গেছে।
তিনি জানান, দুই দশক আগে আয়তন ছিল ৫৮ বর্গ কিলোমিটার। আর এখন ২০-২৫ বর্গ কিলোমিটার হবে। দ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন দুই হাজার ৭০০ জন।
ভাঙ্গন কবলিত দ্বীপটির ৬০ শতাংশ মানুষই উদ্বাস্তু হয়ে বিভিন্ন শহর এলাকায় ঠাঁই নিয়েছে বলে জানালেন আতিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর আহমেদ জানান, দ্বীপটির আয়তন বর্তমানে ৩০ বর্গ কিলোমিটারের কিছু বেশি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে সবচেয়ে বেশি ক্ষতির শিকার কুতুবদিয়া। দ্বীপের ভাঙ্গন রোধে প্রশাসন বনায়ন কর্মসূচি নিয়েছে।
এছাড়া আরো কর্মসূচি নেওয়া হবে বলেও জানান ইউএনও।
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এই বিচ্ছিন্ন দ্বীপটি সাইক্লোন, জলোচ্ছ্বাস ও তীব্র স্রোতের কারণে ক্রমাগত ও দ্রুত ভাঙছে।
ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার অধিকাংশই স্থানই এখন ভাঙ্গনের কবলে। ইতোমধ্যে কুতুবদিয়ার অর্ধেকই সাগরে বিলীন হয়েছে- এমন দাবি দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পাড়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব জয়নাল আবেদীনের।
সাগর পাড়ে ভাঙ্গনের দৃশ্য দেখিয়ে তিনি বলেন, প্রতিবছর জোয়ার-ভাটা আর ঝড়-জলোচ্ছ্বাসের কারণে দ্বীপটি শেষ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, দেশের ঊপকূলীয় এলাকায় ১৫৮৪ মে থেকে ১৯৬৯ এর এপ্রিল পর্যন্ত অস্বাভাবিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সংখ্যা ২৭টি। সমসংখ্যক অস্বাভাবিক দুর্যোগ রেকর্ড হয়েছে মে ১৯৭০ থেকে মে ১৯৯৮ সাল পর্যন্ত।
পরবর্তী ১০ বছরে এ দুর্যোগ আরো দ্রুততর হয়েছে বলে ওই জরিপ থেকে জানা গেছে।
ওই জরিপেই বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধীরে ধীরে দুর্যোগের বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়ছে খুলনার শ্যামনগর থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত ৬৫৪ কিলোমিটার দীর্ঘ উপকূলে।
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএমআরসি) তথ্য মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বাড়ছে বন্যার ব্যাপকতা আর ঘূর্ণিঝড়ের মাত্রা।
পরিবেশগত উদ্বাস্তুর প্রভাবে এক সময় সামাজিক সংঘাত সৃষ্টি হবে বলেও মন্তব্য এসএমআরসি'র সাবেক একজন পরিচালকের।
দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুতুবদিয়ার মানুষের মূল পেশা সাগরে মাছ ধরা ও কৃষি কাজ। অনেকে লবণ উৎপাদনও করেন। তবে ভাঙ্গন কবলিত অনেকেই এখন পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
কিন্তু মারাত্মক এই বিপর্যয় আশঙ্কার বিষয়ে যে দ্বীপের অধিকাংশ মানুষ জানেন না সেটা টের পাওয়া গেল বাতিঘর পাড়ার মঞ্জুর আলমের সঙ্গে কথা বলে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, "ইয়ান বারো আউলিয়ার দ্বীপ। কুতুবদিয়া ডুবি যাইবই ইয়ান আঁই বিশ্বাস ন গরি। সিগন্যাল দিলেও সেল্টারত ন যাই। আল্ল
bdnews24