১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাজধানীতে সন্ধ্যার পর ডজনখানেক স্থানে হাতবোমার বিস্ফোরণ

এসব ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত ১০ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। আহত এক রিকশাচালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

রাজধানীতে সন্ধ্যার পর ডজনখানেক স্থানে হাতবোমার বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার হাতবোমার বিস্ফোরণ ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 01:58 AM

Updated : 10 Nov 2026, 02:06 AM

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর অন্তত ডজনখানেক স্থানে হাতবোমা বিস্ফোরিত হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত ১০ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। আহত এক রিকশাচালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সোমবার সন্ধ্যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনে হাতবোমা বিস্ফোরণের পর থেকে ঢাকায় অন্তত ডজনখানেক স্থানে এমন বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

কোথাও কোথাও বিস্ফোরণের সময় হাতেনাতে কয়েকজনকে ধরা হয়েছে, কোথাও পুলিশের তল্লাশিচৌকিতে হাতবোমাসহও ধরা পড়েছে আরও কয়েকজন। তাৎক্ষণিকভাবে আটক সবার বিস্তারিত নাম-পরিচয় দিতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল আদালতের ফটকে সন্ধ্যায় হাতবোমা বিস্ফোরণের পর মোটরবাইকসহ ‘হাতেনাতে’ দুইজনকে আটকের তথ্য দিয়েছেন।

তারা হলেন- ফয়সাল ও সুকুমার হালদার।

এসময় তাদের ব্যবহৃত একটি মোটরবাইক ও একটি হাতবোমা উদ্ধারের কথাও বলেন পুলিশের এই কর্মকর্তা।

এরপর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে দেয় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা।

আটকের সময় মারধরে আহত যুবায়ের জামিল ও জাবির সালেহীন দিপু নামে দুজনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।

এর কিছু পর সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেইটের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ।

পরে ওই ব্যাগ থেকে একটি হাতবোমা উদ্ধারের কথা বলেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম। সেটিকে পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।

কয়েক কিলোমিটার দূরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেইটের ভেতরেও একটি হাতবোমা বিস্ফোরণের খবর আসে কিছু সময় পর।

ঘটনার পরপরই এক যুবককে আটক করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ওই যুবককে ক্যাম্পাসের মূল ফটকের বাইরের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে।

পরে কোতয়ালি থানা পুলিশ ওই যুবককে নিয়ে যায় বলে জানান ওসি কে এম রবিউল ইসলাম।

প্রায় কাছাকাছি সময়ে মালিবাগ মোড়ে গ্যাস পাম্পের সামনে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনার তথ্য দেন শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম।

তিনি বলেন, পলওয়েল জি-গ্যাস স্টেশনের সামনে একটি ও বিপরীত পাশে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।

রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর ১৩ নাম্বার বিআরটিএর গেটের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে জানান কাফরুল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

পৌনে ৯ টার দিকে টেকনিক্যাল মোডে একটি হাতবোমার বিস্ফোরণের তথ্য দেন দারুস সালাম থানার ওসি দুলাল হোসেন।

পরে একই থানা এলাকায় মিরপুর-১ নম্বর গোল চত্তরে জোড়া হাতবোমার বিষ্ফোরণের তথ্যও দেন তিনি।

এতে ওমর আলী নামে ৬০ বছর বয়সি এক রিকশা আরোহী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন।

আহতের মেয়ের জামাই মাসুম হাসপাতালে বলেছেন, ওমর আলীর বাম পা ও চোখে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

রাত সাড়ে ৯টার দিকে মগবাজারে পুলিশের চেকপোস্টে হাতবোমা ‘ছোড়ার চেষ্টার সময়’ চারজনকে হাতেনাতে আটকের তথ্য দিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

রাত পৌনে ১০ টার দিকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বিপরীত পাশে সড়কে জোড়া হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম।

রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, এ সময় শিক্ষার্থীরা ‘হাতেনাতে’ একজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান বনানী থানার ওসি সালাহউদ্দিন আহমেদ।

তার এলাকার মধ্যে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়কের মুখে থেকে বনানী কবরস্থান গেটের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, রাত ১০টার দিকে গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারের গেটের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

তার ভাষ্য, নাম না জানা দুইজন মোটরবাইকযোগে এসে একটি ‘পটকা নিক্ষেপ করে’ গুলশানের দিকে চলে যায়।

সন্ধ্যার পর তার থানা এলাকায় সাউথ-ইস্ট ইউনিভার্সিটি সামনে জোড়া হাতবোমার বিস্ফোরণের ঘটে বলেও জানান তিনি।

এদিকে রাত সোয়া আটটার দিকে যাত্রাবাড়ী জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের তল্লাশিচৌকিতে পাঁচটি হাতবোমাসহ এক যুবক ধরা পড়ে।

মোহাম্মদ সাইফুল ইসলাম নামে ওই যুবকের ব্যবহৃত একটি বাইকও আটকের তথ্য দিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু।

এরমধ্যে রাত সোয়া ৯টার দিকে মিরপুরে বসুমতি পরিহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে এবং সন্ধ্যায় ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

এর আগে এদিন সকালে বনশ্রী জি–ব্লকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেখান থেকে ২ জনকে আটক করা হয় বলে তথ্য দেন খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম।

সকালে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে নিচে একটি হাতবোমা ছুঁড়ে মারলে সেটির বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছিলেন বনানী থানার ওসি সালাউদ্দিন।

এদিকে সোমবার ভোরে শ্যামলী রিং রোড এলাকায় থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের কথা বলেছে এসআরবি।

গ্রেপ্তাররা হলেন- মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)।

এসআরবি-২ এর মেজর এম মুবীন রহমান তাপস বলেছেন, মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।