ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগ
এ ঘটনায় দুজনকে ধরে পুলিশ দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
ফরিদপুরে সন্ত্রাসবিরোধী মিছিলে ককটেল হামলা হওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির স্থানীয় নেতারা।
রোববার রাতের এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তারা।
বিএনপি বলেছে, হামলায় সুজন বেপারী (৩৫) নামে তাদের এক কর্মী আহত হয়েছেন।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। ঠিক জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে আমাদের দিকে ককটেল ছোড়া হয়।
“ঘটনাস্থল থেকে দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে, এরা আওয়ামী লীগের সন্ত্রাসী। এদের মাস্টারমাইন্ডদের প্রশাসন যেন অবিলম্বে গ্রেপ্তার করে। আর যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে প্রত্যেকটা ঘর থেকে আওয়ামী সন্ত্রাসীদের বের করে এনে জনতার সামনে বিচার করা হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশ দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরোজিৎ দাস বলেন, আহত সুজন বেপারীর ডান হাত ও দুই পায়ে আঘাত রয়েছে। পা কিছুটা ঝলসে গেছে।
ঘটনাস্থল থকে কোতয়ালী থানার দূরত্ব ২০০ মিটারের মতো। সেখানে দোকানপাট বন্ধ রয়েছে।
এখানকার কয়েকজন রিকশাচালক বলেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন।
