ব্রিটিশ এমপির কার্যালয়ে চাকরির যোগ্যতায় সিলেটি ভাষা, বিতর্ক
দেশটিকে ‘তৃতীয় বিশ্বের পশ্চাৎপদ রাষ্ট্র’ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন লি।
যুক্তরাজ্যের এক সংসদ সদস্যের কার্যালয়ে বছরে ৪৬ হাজার পাউন্ডের বেশি বেতনের চাকরির বিজ্ঞপ্তিতে সিলেটি ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে রাখা হয়েছে। এ নিয়ে সমালোচনা করেছেন বিরোধী দল রিফর্ম ইউকের চেয়ারম্যান লি অ্যান্ডারসন।
রোববার যুক্তরাজ্যের জাতীয় ট্যাবলয়েড পত্রিকা ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনের লেবার পার্টির সংসদ সদস্য আফসানা বেগম তার কার্যালয়ের জন্য নতুন কর্মী নিয়োগ দিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে সিলেটি ভাষায় সাবলীল হওয়ার বিষয়টিকে ‘কাঙ্ক্ষিত, তবে বাধ্যতামূলক নয়’ এমন যোগ্যতার তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশে প্রায় এক কোটি থেকে এক কোটি ১০ লাখ মানুষ সিলেটি ভাষায় কথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবাসনসংকট, অনিশ্চিত আবাসন পরিস্থিতি এবং অভিবাসনসংক্রান্ত সমস্যায় থাকা মানুষকে সহায়তা করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। তবে যুক্তরাজ্যে বসবাস ও কাজের বৈধ অনুমতি না থাকলে কোনো প্রার্থী নিয়োগপ্রক্রিয়ায় বিবেচিত হবেন না।
সিলেটি ভাষার দক্ষতাকে চাকরির যোগ্যতার তালিকায় রাখার সমালোচনা করেছেন রিফর্ম ইউকের চেয়ারম্যান লি অ্যান্ডারসন। তিনি বলেন, “ইংল্যান্ডে আমরা ইংরেজিতে কথা বলি। করদাতাদের অর্থে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিদেশি উপভাষায় কথা বলার দক্ষতাকে গুরুত্ব দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “যারা ইংরেজিতে কথা বলতে চান না, তাদের যুক্তরাজ্য ছেড়ে যাওয়া উচিত।” দেশটিকে ‘তৃতীয় বিশ্বের পশ্চাৎপদ রাষ্ট্রে’ পরিণত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পপলার অ্যান্ড লাইমহাউস যুক্তরাজ্যের জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ সংসদীয় আসনগুলোর একটি। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, আসনটির জনসংখ্যার প্রায় ৪৩ শতাংশ এশীয় বংশোদ্ভূত।
২০১৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আফসানা বেগম। ২০২৪ সালের জুলাইয়ে দুই সন্তান আছে এমন পরিবারগুলোর কল্যাণ ভাতার সীমা নিয়ে লেবার সরকারের অবস্থানের বিরোধিতা করায় তিনি দলীয় হুইপের পদ হারান। এক বছরের বেশি সময় স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের সেপ্টেম্বরে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।
এ নিয়োগের বিষয়ে আফসানা বেগমের বক্তব্য জানতে চেয়েছে ডেইলি এক্সপ্রেস, তবে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
