শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের: রিজভী
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি।
শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না।”
তিনি অভিযোগ করেন, “হাসিনার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে তার দলের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, তিনি শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন এবং দেশকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ফ্যাসিবাদীরা মেনে নিতে পারছে না।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাসেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
এ ছাড়া জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মুক্তার হোসেন খান বক্তব্য দেন।
