০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্থানীয় সরকারে ২৭,৮৫৯ কোটি টাকা অনিয়মের তথ্য সংসদে

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান লিখিত জবাবে এ তথ্য তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 08:20 PM

Updated : 09 Nov 2026, 08:20 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২৬ সালের মধ্যে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার ৬৬টি কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার ‘গুরুতর অনিয়মের’ তথ্য পেয়েছে বর্তমান সরকারের অনুসন্ধান কমিটি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান লিখিত জবাবে এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রীর অনুপস্থিতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ সদস্যদের লিখিত জবাব পড়ে শোনান।

মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতায় বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দৈবচয়নের মাধ্যমে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে।

এসব কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ‘মারাত্মক অনিয়ম’ হয়েছে বলে কমিটির প্রতিবেদনে এসেছে। প্রতিবেদনটি আরও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর কথাও বলা হয় সংসদে।

এসময় অন্য সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন স্থানীয় সরকার মন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা এসেছে। ২০২৪ সালের ৫ অগাস্টের পর বিভিন্ন জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অধিকাংশ সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা তৈরি হয়। গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের অনেক প্রকল্পও মাঝপথে আটকে যায়। এ পরিস্থিতিতে জেলা পরিষদ আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রী বলেন, প্রশাসক নিয়োগের পর প্রশাসনিক কাজ, ফাইল নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণে গতি এসেছে। বাজেট প্রণয়ন, বরাদ্দ-বণ্টন ও বেতন-ভাতা পরিশোধের আইনি জটিলতাও দূর হয়েছে।

এতে পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

বনানীতে কবর ১৫ বছর সংরক্ষণে ১ কোটি টাকা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছরের জন্য কবর রাখতে ১ কোটি এবং ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। সেখানে কবর দেওয়ার খরচ ৫০০ টাকা। এসব কবর দুই বছর পর্যন্ত থাকে।

মন্ত্রী বলেন, ঢাকার ধনী-গরিব সবার জন্য কবরের জায়গা নিশ্চিত করতে এবং দীর্ঘ মেয়াদে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতে এই ফি নির্ধারণ করা হয়েছে।

১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে।

নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ভঙ্গ, সরকারি নির্দেশ অমান্য এবং ভুয়া লেটার অব ইনটেন্ট জমা দেওয়ার মতো কারণে এসব নিবন্ধন বাতিল হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সংসদে বলেন, ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টে তিনজন করে মোট ২৪ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। এসব নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কার্যক্রম চলার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের সংখ্যা নির্ধারণে এখন পর্যন্ত কোনো জরিপ করেনি।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।

সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।