ইংরেজি মাধ্যমের ৭০% স্কুলের যথাযথ নিবন্ধন নেই, শিক্ষামন্ত্রী
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, ক্যাডেট কলেজে একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বছরে ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা, মাসে এ ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা।
দেশের ইংরেজি মাধ্যম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশের যথাযথ সরকারি নিবন্ধন বা অনুমোদন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া চলার পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন তিনি।
বুধবার সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর মন্ত্রীদের লিখিত উত্তর সংসদে টেবিলে উপস্থাপন করা হয়।
শিক্ষামন্ত্রী জানান, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর বড় একটি অংশ দীর্ঘদিন সরকারি নিয়ন্ত্রণের বাইরে ছিল। এ কারণে দেশে এ ধরনের কতটি স্কুল আছে, তার পূর্ণাঙ্গ ও হালনাগাদ সরকারি হিসাব সব সময় পাওয়া যায় না। প্রায় ৭০ শতাংশের হিসাবটি তিনি দিয়েছেন বিভিন্ন তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে।
“রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।”
শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমের স্কুল পরিচালনায় কার্যকর ও সমন্বিত নীতিমালার অভাবে অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের মতো চলত। বিদেশি পাঠ্যক্রম অনুসরণকারী স্কুলগুলোর জন্য এখন একটি অভিন্ন নীতিমালার খসড়া তৈরি করছে সরকার। এ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
খসড়ায় শিক্ষার্থীর সংখ্যা ও অবকাঠামোগত সুবিধার ভিত্তিতে স্কুলগুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাপঞ্জি, বেতন, ছুটি ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনার কথাও বলা হয়েছে। পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
ইংরেজি মাধ্যমের স্কুলে বছর বছর বেতন বাড়ানো এবং নানা খাতে অযৌক্তিক ফি আদায়ের অভিযোগ থাকার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকদের প্রতিবাদের পর ফি কাঠামোতে শৃঙ্খলা আনতে উদ্যোগ নিয়েছে সরকার। স্কুলগুলোর আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার ব্যবস্থাও এ উদ্যোগের অংশ।
তদারকির জন্য সরকার বিভিন্ন সময়ে টাস্কফোর্স গঠন করেছে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে।
শিক্ষকের ২ লাখ ৫৩ হাজার ৯৪৫ পদ খালি
সংসদে পৃথক প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ খালি রয়েছে।
সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাদ্রাসায় শিক্ষকের ১ লাখ ১ হাজার ৮৭৩টি পদ খালি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে খালি পদের সংখ্যা ৮৫ হাজার ৩৩৩। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি পদ খালি রয়েছে।
ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি এবং সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি পদ খালি রয়েছে।
ইলিয়াস মোল্লার আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষকের ৭৫ হাজার ৭৩৮টি শূন্য পদ পূরণের চাহিদা পাওয়া গেছে। বিধিমালা ও পরিপত্র সংশোধন করে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসব প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কাজও চলছে।
সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট নিষ্পত্তির পর পদোন্নতির মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের কাজ শুরু হয়েছে। সরাসরি নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
নরসিংদী-১ আসনের বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকার নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পান। প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করার কোনো সিদ্ধান্ত আপাতত সরকারের নেই।
সরকারি প্রাথমিকে ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৮ দশমিক ০৪ শতাংশ। ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।
কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার সুযোগে শহর ও গ্রামের মধ্যে এখনও কিছুটা বৈষম্য রয়েছে। শহরের তুলনায় গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা আছে। এ ব্যবধান কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
যশোর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার সঙ্গে যুক্ত ইবতেদায়ি শাখায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া অনুদান পাওয়া ও অনুদান না পাওয়া ৭ হাজার ৭৭টি ইবতেদায়ি মাদ্রাসায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়ছে।
ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসে ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা
সংরক্ষিত নারী আসন-১০-এর বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ক্যাডেট কলেজে একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বছরে ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা, মাসে এ ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা। সরকার নিয়ন্ত্রিত এসব আবাসিক প্রতিষ্ঠানে খাবার, আবাসন, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে এ অর্থ ব্যয় হয়।
