বিদ্যুতে ৪৩ হাজার কোটি, এলএনজিতে ১৪ হাজার কোটি টাকা ভর্তুকি: সংসদে মন্ত্রী
গত অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১১ টাকা ১৬ পয়সা খরচ হলেও গ্রাহকদের কাছে ১০ টাকা ৪০ পয়সায় বিক্রি করার তথ্য দিয়েছেন জ্বালানিমন্ত্রী।
সরকার ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জন্য ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পৃথক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১১ টাকা ১৬ পয়সা খরচ হয়েছে।
অন্যদিকে বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে ১০ টাকা ৪০ পয়সায় বিক্রি করা হয়েছে।
একই অর্থবছরে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে ১৩ টাকা ২০ পয়সায় কেনা হয়েছে।
বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে পরিশোধ করে বলে জানান মন্ত্রী।
বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে।
আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে সরকার নির্ধারিত দামে গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ করছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে গ্যাসের দাম নির্ধারণ করতে হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে।
ফলে আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্য সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।
জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি তেলের দাম রাখতে সরকার আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে তেল বিক্রি করছে।
এ কারণে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান হয়েছে বলে তিনি তথ্য দেন।
মন্ত্রী বলেন, লোকসান সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল থেকে গত আট মাস ধরে জ্বালানি তেল আমদানি চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক বাজারে দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকটের সম্মিলিত ফল।
অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি
জামায়াতের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, দেশে অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন রয়েছে ৫০ হাজার ৯৫১টি।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর অধীনে এসব স্টেশন রয়েছে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ চুরি ও মিটার কারসাজি বন্ধে স্বয়ংক্রিয় মিটার রিডিং ব্যবস্থা (এএমআর), প্রিপেইড মিটার ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি বিতরণ লাইন নির্মাণ ও পুরোনো লাইন উন্নয়নের কাজ চলছে।
মন্ত্রী বলেন, অবৈধভাবে তার টেনে বিদ্যুৎ ব্যবহার বন্ধে বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা নিয়মিত অভিযান চালাচ্ছেন।
জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে ডিমান্ড চার্জ ও ভ্যাট আলাদা কোনো বিশেষ চার্জ নয়। পোস্টপেইড মিটারেও একই চার্জ প্রযোজ্য।
তবে বিতরণকারী কোম্পানির দেওয়া প্রিপেইড মিটারের জন্য মাসিক ভাড়া দিতে হয়। গ্রাহক নিজে বাজার থেকে মিটার কিনে স্থাপন করলে এই ভাড়া এড়াতে পারেন।
'২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না'
সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা বরিশালের বাবুগঞ্জ ও মুলাদীতে দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় এলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল।
এলাকায় নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জানতে চান, সরকার কবে এ উদ্যোগ নেবে।
জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, জয়নুল আবেদীন গত ১৭ বছরে তার পক্ষে বিনা পারিশ্রমিকে অনেক মামলা লড়েছেন। তাই তিনি তার কষ্টের কারণ হতে চান না।
মন্ত্রী বলেন, আগের দিন বরিশালে কোনো লোডশেডিং ছিল না বলে তিনি প্রতিবেদন পেয়েছেন।
তবে সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে নতুন উপকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা পরীক্ষা করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে বলবেন।
মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে দেওয়ার সুযোগ
বিএনপির সংসদ সদস্য কামরুল হাসান ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল, আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তোলেন।
জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, আগে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করা হত। পরে দেখা যায়, কোনো কোনো মসজিদের সংযোগ থেকে অবৈধভাবে ইমাম বা অন্যদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ কারণে মসজিদের বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সরকারের অনেক খরচ হয়। তাই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়।
তবে মসজিদের বকেয়া বিল পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা হবে।
‘ভৌতিক’ বিল বন্ধে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী জানান, এ ধরনের বিল তৈরির অভিযোগে মাগুরায় একজন বিল প্রস্তুতকারী ও একজন জেনারেল ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্য কোথাও এ ধরনের অনিয়ম হলে মন্ত্রণালয়কে জানাতে বলেন তিনি।
সরকারি এলপিজির সরবরাহ বাড়াতে নতুন প্ল্যান্ট
বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ বাড়াতে কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন সক্ষমতার এলপিজি সংরক্ষণ ও বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে।
এ ছাড়া মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি এলপিজি সংরক্ষণ ও বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ রয়েছে।
মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায়ও এ ধরনের স্থাপনা নির্মাণের কার্যক্রম চলছে।
মন্ত্রী জানান, দ্রুত এলপিজি আমদানির জন্য যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
আমদানি করা এলপিজি মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি মাতারবাড়ীতে এলপিজি সংরক্ষণ টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি তথ্য দেন।
পাথরের চাহিদার সাড়ে ৫ শতাংশ আসে দেশীয় খনি থেকে
বিএনপির সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, দেশে বছরে পাথরের চাহিদা ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি মেট্রিক টন।
এর মাত্র ৫ দশমিক ৫ শতাংশ দেশীয় খনি থেকে উৎপাদিত হয়।
বর্তমানে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে বছরে ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে।
নতুন খনি উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে মোট ৪৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন সম্ভব হবে বলে তিনি তথ্য দেন।
মন্ত্রী বলেন, বিদ্যমান ও প্রস্তাবিত উভয় খনির পরিবেশগত প্রভাব মূল্যায়ন শেষ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে।
নতুন খনির স্থান নির্বাচনে কৃষিজমি ও জনবসতি সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনাজপুরে লৌহ আকরিক, নদীর বালিতে মূল্যবান খনিজ
বিএনপির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, গত ১৫ বছরে দেশে বেশ কিছু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে।
তিনি বলেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অনুসন্ধানে দিনাজপুরের হাকিমপুর, চিরিরবন্দর ও পার্বতীপুরে লৌহ আকরিক পাওয়া গেছে।
এ ছাড়া নওগাঁর বদলগাছীর তাজপুর ও দিনাজপুরের হাকিমপুরে চুনাপাথরের সন্ধান মিলেছে তিনি জানান।
মন্ত্রী বলেন, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালিতে ইলমেনাইট, রুটাইল, জিরকন, গারনেট ও ম্যাগনেটাইটের মতো মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এসব খনিজ উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে জরিপ, অনুসন্ধান কূপ খনন, নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে বিশ্লেষণের কাজ চলছে। তবে বাণিজ্যিকভাবে উত্তোলন শুরুর আগে কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে ১০০ কোটি ডলারের ঋণ
খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) বাস্তবায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর সই হওয়া এই ঋণচুক্তির পরিমাণ ১ দশমিক ০০৪ বিলিয়ন ডলার, যা প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা।
মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট মোকাবিলা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করবে।
