ফেইসবুকে প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট: সংসদে প্রতিমন্ত্রী
“সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই তথ্য যাচাইয়ের নির্দেশিকা প্রকাশ করা হবে,” বলেন ইয়াসের খান চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেইসবুকে ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেইজ ও গ্রুপ শনাক্ত হওয়ার তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে এ তথ্য তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ এসব ভুয়া অ্যাকাউন্ট, পেইজ ও গ্রুপ শনাক্ত করেছে।
অপপ্রচার ও অপতথ্য ছড়ানো ১৯টি ওয়েবসাইট, আট শতাধিক ফেইসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স অ্যাকাউন্ট চিহ্নিত হওয়ার তথ্যও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরিন সুলতানার প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও চরিত্রহরণের চেষ্টা মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ কাজ করছে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ‘অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ’ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে।
সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই তথ্য যাচাইয়ের নির্দেশিকা বা ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও সচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ফেইসবুক পেইজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
সাংবাদিকদের তালিকা তৈরিতে সংগঠনগুলোর পরামর্শ নেবে সরকার
প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে।
স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাদের কারও কারও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। ভুয়া পরিচয়ে তারা সরকারেরও ক্ষতি করছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ধরনের ব্যক্তিদের তালিকা তৈরি এবং তাদের বিষয়ে বিধি প্রণয়নের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান জয়নুল আবদিন ফারুক।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ সমস্যায় শুধু সংসদ সদস্যরা নন, সাধারণ মানুষ ও বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওকাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে।
এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “সাংবাদিক কারা হবেন, এই প্রস্তাব তারা যদি দেন, আমার মনে হয় সেটা ভালো হয়। কারণ কে কোন পেশায় যাবে এবং কে কীভাবে তাদের বক্তব্য উপস্থাপন করবে, এটা সরকারের ঠিক করে দেওয়া সমীচীন হবে না বলে আমরা মনে করি।”
বাকস্বাধীনতায় সরকার বিশ্বাস করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচারে মন্ত্রণালয় কাজ করছে।
সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার প্রস্তাব
জামায়াতের সংসদ সদস্য আব্দুস সাত্তারের প্রশ্নের জবাবে বলা হয়, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলছে।
সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রস্তাবিত সংশোধনী আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
এ লক্ষ্যে বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন তথ্যভান্ডার তৈরির ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ণ হয়, এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলকে নিজ উদ্যোগে তদন্ত, আদেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
দেশে সম্প্রচারে ৩৯ বেসরকারি টেলিভিশন
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান জানান, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল রয়েছে চারটি।
এ ছাড়া ৫৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৯টি। অনাপত্তি পাওয়া আইপি টিভির সংখ্যা ১৬টি।
মন্ত্রী বলেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন আবেদন পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।
বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে বিটিভিকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে বিশেষ নাটক, ধারাবাহিক নাটক, দেশে নির্মিত কার্টুন, ডাবিং করা কার্টুন এবং তুরস্ক ও ইরানের বিদেশি ধারাবাহিক অনুষ্ঠান সংগ্রহ করে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পেশাদার অনুষ্ঠান নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচারের মাধ্যমে বিটিভির দর্শকসংখ্যা ও রাজস্ব আয় বাড়বে বলে আশা করছে সরকার।
