ভয় ছাড়াই সত্য লেখার সাহস দিয়েছিলেন তৌফিক: জুলিয়ান ফ্রান্সিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক তিন খণ্ডের সংকলন ‘রক্তরেখায় বাংলাদেশ’ ইতিহাসগ্রন্থটি সত্য ও সঠিক ইতিহাসের প্রতি তৌফিক খালিদীর নিষ্ঠার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের বেদনাদায়ক স্মৃতি ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভীকভাবে লেখার ক্ষেত্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে স্মরণ করেছেন ব্রিটিশ মানবাধিকার কর্মী বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গত বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার আয়োজিত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’য় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জুলিয়ান ফ্রান্সিস বলেন, সেগুনবাগিচায় তখনকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ২০০৭ সালের বার্ষিক স্মারক বক্তৃতা দেওয়ার পরপরই তার সঙ্গে তৌফিক খালিদীর পরিচয় হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুক্ত থাকা একজন মানুষ এত বছর ধরে বাংলাদেশে অনেকটা আড়ালে ছিলেন, এটা জেনে তৌফিক খালিদী অবাক হয়েছিলেন।
দীর্ঘদিন ধরে ১৯৭১ সালে সরাসরি স্বাক্ষী হওয়া গণহত্যার ভয়াবহতা নিয়ে ফ্রান্সিসের মনে জমে থাকা বেদনাদায়ক স্মৃতি ও আবেগ প্রকাশে তিনি সহায়তা করেন।
জুলিয়ান ফ্রান্সিস বলেন, “তিনি আমাকে আমার গল্পটা বলতে সাহায্য করেছিলেন। ১৯৭১ সালে আমি যে ভয়াবহতা দেখেছি, দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন সংক্রান্ত কর্মসূচিগুলোতে আমার অভিজ্ঞতা, এবং ১৯৭১ সালে ও তারপর থেকে প্রতিটি সরকারের আমলে আমি যে লাগামহীন দুর্নীতি দেখেছি, এসব বিষয়ে বিস্তারিত লিখতে তিনি আমাকে উৎসাহিত করেছিলেন।”
তৌফিক খালিদী ভয়ভীতি উপেক্ষা করে সত্য লেখার তাগিদ দিতেন বর্ণনা করে জুলিয়ান ফ্রান্সিস বলেন, কখনো সরকার বা দুর্নীতির সমালোচনা করে লেখালেখি করলে ভোরে বন্ধুদের কাছ থেকে গ্রেপ্তারের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পেতেন তিনি।
এমন পরিস্থিতির কথা জানতে পারলে তৌফিক বলতেন, “কেউ যদি তোমাকে বিরক্ত করে, আমরা পাশে আছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক তিন খণ্ডের সংকলন ‘রক্তরেখায় বাংলাদেশ’ ইতিহাসগ্রন্থটি সত্য ও সঠিক ইতিহাসের প্রতি তৌফিক খালিদীর নিষ্ঠার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তিজীবনের নানা আন্তরিক স্মৃতি তুলে ধরে জুলিয়ান ফ্রান্সিস বলেন, “তৌফিক খালিদী বাসায় আয়োজিত বৈশাখী ভোজে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, শ্রেণি ও পেশার মানুষ একত্র হতেন। এক বছর অসুস্থতার কারণে ভোজে যেতে না পারলে পরদিনই তিনি বিশেষ খাবার পাঠিয়ে দেন। সর্ষে ইলিশ কীভাবে কাঁটা সামলে খান, তা নিয়ে তৌফিক সব সময় কৌতূহল দেখাতেন এবং জুলিয়ান হাত দিয়ে খাওয়ার সহজ উপায়ের কথা বলতেন।
অসুস্থতার সময়েও তৌফিক খালিদীর যত্নশীল ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, কোলন ছিদ্র হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর একান্ত প্রয়োজন ছাড়া অস্ত্রোপচার করেন না—এমন একজন সার্জনের তত্ত্বাবধানে থাকার বিষয়টি তৌফিক নিশ্চিত করেছিলেন। ভাগ্যক্রমে অস্ত্রোপচার না লাগলেও পাঁচ দিন পানি না খেয়ে থাকতে হয়েছিল তাকে।
তৌফিক ইমরোজ খালিদীকে ‘খুব বিশেষ একজন বন্ধু’ হিসেবে অভিহিত করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জুলিয়ান ফ্রান্সিস।
ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে গত ২ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে ৫৯ বছর বয়সে মারা যান তৌফিক ইমরোজ খালিদী। তাকে ১০ অক্টোবর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
