২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে না এলেও খালিদীর পরামর্শ পেতাম: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বন্ধুত্বপূর্ণ ও স্পষ্টভাষী স্বভাবের কারণে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তার সঙ্গে গভীর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল, স্মৃতিচারণে বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 07:31 PM

Updated : 26 Nov 2026, 07:31 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী রাজনীতিতে না এলেও বিভিন্ন সময়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বন্ধুত্বপূর্ণ ও স্পষ্টভাষী স্বভাবের কারণে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই খালিদীর সঙ্গে তার গভীর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল বলেও স্মৃতিচারণ করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার আয়োজিত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভায়’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে চার দশকের দীর্ঘ বন্ধুত্বের স্মৃতি তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৮৩ সালে খালিদীর সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সম্পর্কে তিনি এক বছরের সিনিয়র ছিলেন।

এ্যানি তখন ঢাকা সায়েন্স কলেজে পড়তেন এবং তার পিঠাপিঠি বড় ভাই পড়তেন রেসিডেনসিয়াল মডেল কলেজে। বড় ভাই ও খালিদীর মধ্যে গভীর বন্ধুত্ব থাকার সুবাদে রেসিডেনসিয়াল মডেল কলেজের আড্ডায় নিয়মিত যাতায়াত ছিল এ্যানির, যেখান থেকে খালিদীর সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৯৮৪ সালে তৌফিক ইমরোজ খালিদী ও তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরের বছর (১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে) তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, আইন বিভাগ ও ক্যাম্পাস চত্বরের নিয়মিত আড্ডার মাধ্যমে তাদের সেই বন্ধুত্ব আরও দৃঢ় হয়।

খালিদীর চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, “আমার দেখামতে, সে খুব বিনয়ী (পোলাইট) ছিল এবং তার কথাবার্তার মধ্যে খুব স্পষ্টতা ছিল। আমি মাঝেমধ্যে তাকে রাজনৈতিক অঙ্গনে আরও বেশি আসার জন্য অনুরোধ করতাম। কিন্তু সে কখনোই আমাদের মতো সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়নি। তবে তার পরামর্শ সব সময় ছিল।”

বন্ধুর মৃত্যুসংবাদ পাওয়ার মুহূর্তের কথা স্মরণ করে এ্যানি বলেন, “যেদিন সে ইন্তেকাল করে, আমি তখন দেশের বাইরে ছিলাম। হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ দেখে খুব আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্ক হওয়ায় স্বাভাবিক কারণেই তা ভুলতে পারিনি। জানাজায় অংশগ্রহণ করতে পারিনি বলেই আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে।”

অনুষ্ঠানস্থলে প্রবেশ করেই খালিদীর একমাত্র ছেলের সঙ্গে দেখা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি তাকে শুধু এটাই বলেছি, তোমার পিতার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন।”

বক্তব্যের শেষে তিনি প্রয়াত তৌফিক ইমরোজ খালিদীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।