খালিদীর কাজ সাংবাদিকতার শিক্ষাক্রমে যুক্ত করার আহ্বান মুস্তাফিজ শফির
“উনি খুব বেশি বড় জীবন পান নাই, কিন্তু বড় কাজ করে গিয়েছেন।”
বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার পথ দেখানোর পাশাপাশি শুদ্ধ সাংবাদিকতার যে চর্চা করে গেছেন তৌফিক ইমরোজ খালিদী তা বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতার শিক্ষাক্রমে যুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি।
বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজনে উপস্থিত হয়েছেন
সরকার ও রাজনৈতিক দলের নীতিনির্ধারকসহ সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।
স্মরণসভায় তৌফিক ইমরোজ খালিদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি ফিরে যান তার সঙ্গে প্রায় তিন দশকের পরিচয়ের স্মৃতিতে। তাদের মধ্যে খুব বেশি ঘনিষ্ঠতা না থাকলেও সাংবাদিকতার আদর্শের জায়গা থেকে একটি সম্পর্ক গড়ে ওঠার কথা বলেন তিনি।
গত মার্চে একটি ইফতার অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে সবশেষ দেখা হওয়ার কথা স্মরণ করে মুস্তাফিজ শফি বলেন, “তখনও তিনি বলেছিলেন যে এবারও কিন্তু পহেলা বৈশাখে আমার বাসার সেই অনুষ্ঠানটি আছে, আপনাকে আসতে হবে।”
সেবার পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাওয়া হয়নি মুস্তাফিজ শফির। মার্চের সেই দেখাই যে শেষ দেখা হয়ে থাকবে, তা ভাবেননি তিনি।
সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে বহুবার খালিদীর সঙ্গে কথা হওয়ার কথা তুলে ধরে মুস্তাফিজ শফি বলেন, “আমি তাকে অনেকখানি অনুসরণ করতাম। কী কারণে অনুসরণ করতাম? তিনি যে শুদ্ধ সাংবাদিকতার চর্চার কথা বলতেন বা করার চেষ্টা করতেন, আমিও আমার সাংবাদিকতার জায়গায় সেটা করার চেষ্টা করতাম, এখনও করি। সেই জায়গা থেকে আমাদের একটা যোগাযোগ তৈরি হয়েছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মধ্য দিয়ে বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদী নতুন একটি পথ তৈরি করেছিলেন বলে স্মরণ করেন মুস্তাফিজ শফি।
অল্প সময়ে বড় কাজ করে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে খালিদীর নাম স্থায়ী হয়ে থাকবে বলে মনে করেন দেশ রূপান্তর সম্পাদক।
বয়সে নিজের চেয়ে চার-পাঁচ বছরের বড় তৌফিক ইমরোজ খালিদীর এভাবে চলে যাওয়াকে অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এই বয়সে তার চলে যাওয়ার কথা না, খুবই অপ্রত্যাশিত।”
স্মরণসভায় উপস্থিত সাংবাদিকতার শিক্ষকদের উদ্দেশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক খালিদীর কাজ ও সাংবাদিকতার চর্চা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “অনলাইন সাংবাদিকতায় তিনি যে কাজ করে গেছেন এবং সাংবাদিকতায় শুদ্ধতার যে চর্চা করে গেছেন, সেটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আসল কাজটি হবে। তিনিও বেঁচে থাকবেন আমাদের মাঝে। একই সঙ্গে আমাদের সাংবাদিকতাও আরও অনন্য উচ্চতায় এগিয়ে যাবে।”
বিগত সরকারের সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট কিছুদিন বন্ধ থাকা এবং খালিদীকে আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হওয়ার কথাও উঠে আসে মুস্তাফিজ শফির স্মৃতিচারণায়।
তিনি বলেন, “আমরা জানি, তাকে আইনগতভাবে মোকাবেলা করতে হয়েছে, দুদককে মোকাবেলা করতে হয়েছে। এবং সর্বশেষ তিনি কিন্তু ঋজুতার সঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে, তিনি কিন্তু সেগুলো মোকাবেলা করেছেন এবং সেখান থেকে ছাড় পেয়েছেন।”
সেই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে একদিন তৌফিক ইমরোজ খালিদীর কাছে জানতে চেয়েছিলেন মুস্তাফিজ শফি। জবাবে খালিদী বলেছিলেন, কোনো এক সময় লিখবেন।
তৌফিক ইমরোজ খালিদী সেই লেখা শুরু করেছিলেন কি না, তা জানেন না মুস্তাফিজ শফি। তবে তার কোনো ডায়েরি বা কম্পিউটারে এ সংক্রান্ত লেখা থেকে থাকলে তা খুঁজে দেখার জন্য তার সন্তানের প্রতি আহ্বান রাখেন তিনি। বলেন, সেই লেখা পাওয়া গেলে তা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের অংশ হতে পারে।
