ময়মনসিংহে শ্রমিকদের মহাসড়কে নামতে বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
কারখানা কর্তৃপক্ষ সাত শ্রমিকের টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হওয়ার কথা জানিয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পিএ নীট কারখানার শ্রমিকদের মহাসড়কে নামতে বাধা দিয়েছে পুলিশ ও বিজিবি।
এ সময় কারখানার ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন।
পুলিশ জানায়, বেতন বাড়ানোর দাবিতে দুপুরে কারখানার ভেতরে জড়ো হন শ্রমিকেরা। তারা মহাসড়কে নেমে বিক্ষোভ করতে পারেন, এমন খবর পেয়ে আগে থেকেই কারখানার ফটকের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের রাখা হয়।
একপর্যায়ে শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানার ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। তখন তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।
কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী বলেন, সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। দুপুরের খাবারের বিরতির সময় তারা আন্দোলনের চেষ্টা করেন। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ সাত শ্রমিক কারখানার চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
তিনি বলেন, শ্রমিকের মৃত্যুর খবর ছড়ালেও তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের ধীরে ধীরে কারখানা থেকে বের করে দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শ্রমিকদের আন্দোলনের খবর আগে থেকেই ছিল। এ কারণে কারখানার সামনে শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। শ্রমিকেরা বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, ঘটনার পর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা ছেড়ে চলে যাচ্ছেন। সব মিলিয়ে প্রায় ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়েছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ এখনো কারখানার সামনে অবস্থান করছে।
