‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’: তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা বৃহস্পতিবার
একজন তৌফিক ইমরোজ খালিদীকে ঘিরে স্মৃতি তর্পণে একটি স্মরণসভার আয়োজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার।
একজন সাংবাদিক, একজন সম্পাদক, একজন সংগঠক—বহুমাত্রিক পরিচয় ছিল তৌফিক ইমরোজ খালিদীর। তার হাত ধরে বাংলাদেশে অনলাইন সংবাদমাধ্যমের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। কেবল সূত্রের নাম উল্লেখ করেই লেখা হবে সংবাদ–বাংলাদেশে সাংবাদিকতার এ শুদ্ধচর্চা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাকে অগ্রণী মানেন সহকর্মীরা।
‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার প্রত্যয়– এর সঙ্গেও জড়িয়ে আছে তার নাম।
সেই তৌফিক ইমরোজ খালিদী ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন? স্কুল-বিশ্ববিদ্যালয় জীবনে ক্রিকেট টিমের সদস্য কীভাবে হয়ে উঠলেন সাংবাদিক? বাংলাদেশের সাংবাদিকতায় কী স্বাক্ষরইবা রেখে গেলেন তিনি?
একজন তৌফিক ইমরোজ খালিদীকে ঘিরে সেসব স্মৃতি তর্পণে একটি স্মরণসভার আয়োজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার। আয়োজনের শিরোনাম, ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হবে এ স্মরণসভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমের একজন মুখপাত্র বলেছেন, স্মরণসভায় কথা বলবেন বাংলাদেশের রাজনীতিক, মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে তার স্বজন, বন্ধু, সহপাঠী, সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
বাংলাদেশের আধুনিক সংবাদসেবার ইতিহাসে অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে তৌফিক ইমরোজ খালিদীর নাম। তার নেতৃত্বেই দুই দশক আগে রচিত হয়েছিল এক ইতিহাস।
শুরুটা হয়েছিল ২০০৫ সালের প্রথমার্ধে। অন্যান্য বার্তা সংস্থার মত ‘বিডিনিউজ’ তখন সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ এ কাজ শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।
২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এর খোল-নলচে বদলে যায়। ওই বছর জুলাই মাসে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ দেয়। ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার পথচলা। বাংলাদেশে ডিজিটাল সংবাদ যুগের সূচনা তখনই।
তখন থেকে মৃত্যু পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তৌফিক ইমরোজ খালিদী। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কোম্পানি বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেডের একজন পরিচালক ও অংশীদার তিনি।
১৯৬৭ সালের ১৪ জুন টাঙ্গাইলে তৌফিক ইমরোজ খালিদীর জন্ম। তার সাংবাদিকতার সূচনা ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতোকত্তোর শেষ করে তিনি যোগ দেন সানডে এক্সপ্রেস পত্রিকায়।
তিনি প্যারিসের জার্নালিস্টস ইন ইউরোপ ফাউন্ডেশন এবং জাপান ফরেন প্রেস সেন্টারের ফেলো হিসেবে আন্তর্জাতিক সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণ নেন।
বর্ণাঢ্য পেশাজীবনে তিনি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন মাস পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন।
সেখানে তিনি সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনা করার পাশাপাশি বহুল আলোচিত 'ডিবেট' অনুষ্ঠান সঞ্চালনা করতেন।
বিবিসিতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ডেইলি স্টারের যুগ্ম বার্তা সম্পাদক এবং উইকেন্ড এডিশনের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই পত্রিকার বিজনেস এডিটর (১৯৯৭-১৯৯৮) এবং কূটনৈতিক প্রতিবেদক (১৯৯১-১৯৯৩) হিসেবেও কাজ করেন।
ফিনান্সিয়াল এক্সপ্রেসে তিনি সহকারী সম্পাদক ও সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করার সময় কূটনীতি, বাণিজ্য, রাজনীতি ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাশাপাশি ইনডিপেনডেন্ট টেলিভিশনের যাত্রাও তার হাত ধরে। ২০১০ সালের শেষ দিক থেকে ২০১১ সালের মাঝামাঝি পর্যন্ত প্রধান সম্পাদক ছিলেন বেসরকারি এ টেলিভিশনে। ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকও ছিলেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিজিটাল মিডিয়ায় ভূমিকার জন্যও তিনি পরিচিতি পেয়েছিলেন। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাউথ-টু-সাউথ মিডিয়া ডায়ালগে এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা এবং পশ্চিম এশিয়ার ‘১৪ জন শীর্ষস্থানীয় ডিজিটাল মিডিয়া উদ্ভাবক’ এর একজন হিসেবে তিনি স্বীকৃতি পান।
২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বাংলাদেশ সরকারের তরফে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
২০১৬ সালে ইউনেস্কো আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। ২০০৯ সালে কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেন পর্যবেক্ষক হিসেবে।
২০১০, ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে তিনি জার্মানির বনে গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ রাইজিং’ শীর্ষক কনফারেন্সে তিনি প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন নীতিনির্ধারণী ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটির (২০১২ ও ২০১৫) সদস্য ছিলেন তিনি।
২০০৮ সালে বার্তা সংস্থাগুলোর নীতিমালা প্রণয়ন কমিটি এবং ২০০৭ সালে ঢাকার নদী রক্ষার জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেন তৌফিক ইমরোজ খালিদী।
‘সূত্রের নাম উল্লেখ করেই হবে সংবাদ’- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতায় এই নীতি প্রচলিত করায় নেতৃত্ব দেন তৌফিক ইমরোজ খালিদী। ‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার কথা তিনি সবসময় জোর গলায় বলতেন।
‘নির্ভুল সাংবাদিকতার’ যে পথচলার জন্য পাঠকের প্রশংসায় ভাসে খালিদী সম্পাদিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সেই যাত্রা সব সময় মসৃণ ছিল না।
এক ব্যবসায়ীর মামলা ও বিচার নিয়ে প্রকাশিত পুরোনো খবর সরাতে রাজি না হওয়ার কারণে ডজন ডজন মামলার মুখে পড়েও মাথা নোয়ায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রভাবশালী একটি মহল রুষ্ট হয়েছিল, তাই প্রধান সম্পাদক খালিদীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাঁচ বছর ধরে হয়রানি করা হয়।
চব্বিশের অগাস্টে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পরে ওই বছরের সেপ্টেম্বরে প্রধান সম্পাদক তৌফিক খালিদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়। প্রতিকূলতাকে পেছনে ফেলে নতুন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ গোচ্ছাছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিংশ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতির পরিকল্পনার মাত্র ২১ দিন আগে ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তৌফিক ইমরোজ খালিদী। ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।
