মিস ইউনিভার্সের মুকুট উঠল মনোবিজ্ঞানীর মাথায়
এই প্রথম কোনো বিবাহিত নারী এই মুকুট জিতলেন।
৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো।
সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, এই প্রথম কোনো ‘বিবাহিত’ নারী এই মুকুট জিতলেন।
এবার রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী মেলিসা নুনেজ।
জেনিফার লড়েছেন ১১৫ জন প্রতিযোগীর সঙ্গে। ভিসা জটিলতায় দক্ষিণ সুদান, রিপাবলিক অব কঙ্গো ও নেপালসহ কয়েকটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারেননি।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সান হুয়ানে। অনুষ্ঠানের সূচনা হয় ছাটাই পর্ব দিয়ে। সারা বিশ্বের সুন্দরীদের মধ্য থেকে বেছে নেওয়া হয় ৩০ জনকে।
সেই তালিকায় জায়গা করতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। চূড়ান্ত প্রতিযোগিতা শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ইকুয়েডরের প্রতিযোগী তাকে পেছনে ফেলে দেন। ভোট বাড়ায় মাহিকে টপকে দালিয়া বুকারাম সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন।
মাসের শুরুতে একত্রিত হওয়া সুন্দরীদের বিভিন্ন রাউন্ডে যাচাই বাছাই করা হয়। জাতীয় পোশাক পর্ব, প্রাথমিক প্রতিযোগিতায় বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে সেমিফাইনালিস্টদের তালিকা তৈরি করা হয়।
সাঁতারে পোশাক পর্বের মাধ্যমে ৩০ জনের মধ্যে সেরা ১২ বাছাই করা হয়। অবশেষে সান্ধ্যপোশাক পর্বে র্যাম্পওয়াক করে ৫ জন ফাইনালিস্টকে চূড়ান্ত করা হয়েছিল।
মিস ইউনিভার্সের বুদ্ধিমত্তার পরিচয়ে সর্বশেষ ধাপে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে পুয়ের্তো রিকো, ডমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ড।
২৭ বছর বয়সি জেনিফার বিবাহিত। তিনি ৭ বছরের কন্যা সন্তানের মা। মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট ইয়ান কার্লোস ব্যারেটো ক্যালডেরনের সহধর্মিনী তিনি। পেশায় মডেলিং ছাড়াও তিনি একজন মনোবিজ্ঞানী।
