২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী

প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:53 PM

Updated : 25 Nov 2026, 09:53 PM

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে।

আগামী শনিবার ও রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা এ প্রদর্শনী চলবে।

বুধবার বিকালে জাদুঘরের মনসুন থিয়েটারে সংবাদ সম্মেলনে জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শিরোনামের এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

“জায়গা সংকুলান না হওয়ায় চাইলেও আমরা জাদুঘরের গ্যালারিতে সকল স্মৃতিস্মারক প্রদর্শন করতে পারছিলাম না। এই আয়োজনের মাধ্যমে আমরা সকল স্মৃতিস্মারক সামনে আনব।”

শহীদদের স্মৃতি সবার সামনে তুলে ধরার কথা জানিয়ে তিনি বলেন, “পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাদের হত্যা করেছিল, যাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব।”

সংবাদ সম্মেলনে জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম উপস্থিত ছিলেন।