১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে মাসব্যাপী ‘বিজয় উৎসব’ করবে ছাত্র ফেডারেশন

উৎসবে মোট ১৩টি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:41 PM

Updated : 16 Nov 2026, 10:41 PM

বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে মাসব্যাপী আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, বিজয় কনসার্ট, রচনা প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা সম্মাননাসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে ‘বিজয় উৎসব- ২০২৬’ উপলক্ষে ১৩টি কর্মসূচির কথা ঘোষণা দেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ বলেন, “মহান মুক্তিযুদ্ধ এ অঞ্চলের জনগণের সংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত সেই আকাঙ্খিত রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সেই আকাঙ্খিত রাষ্ট্র গড়ে তুলতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

“সেই আকাঙ্খাকে আমরা সারাদেশে ছড়িয়ে দিতে মাসব্যাপী বিজয় উৎসব আয়োজন করছি। মুক্তিযুদ্ধের একমুখী যে বয়ান আওয়ামী লীগ তৈরি করেছিল তার বাইরে মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত আকাঙ্খাকে আমরা ছড়িয়ে দিতে চাই।”

সংবাদ সম্মেলনে ঘোষণা করা মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- বিজয়ের মাসের প্রথম প্রহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন ঘোষণা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক ৩টি চলচ্চিত্রের প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উন্মুক্ত ক্যানভাস, মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যার চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, বিজয় কনসার্ট, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি, বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মহব্বত হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক, আল-আমিন রহমান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।