১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, গাড়িচালক আহত

দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে, এর মধ্যে একটির বিস্ফোরণ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 10:32 AM

Updated : 15 Oct 2026, 10:32 AM

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের ১ নম্বর গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আহত ৪৫ বছর বয়সি শাহীন ওরফে আরিফ মোল্লা ঢাকা মেডিকেলের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছলিমাবাদ এলাকার মৃত ভোলা শেখের ছেলে। শাহীন ঢাকায় যাত্রাবাড়ীর একটি গ্যারেজে থাকেন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা শেরেবাংলা নগর থানার এসআই মাহবুব আলম বলেন, দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটির বিস্ফোরণ হয়। এর স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এসআই মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা হামলা করেছে এবং হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।”