১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:04 AM

Updated : 17 Nov 2026, 12:04 AM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফ্লাইওভারের পূর্বপাশে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও সমর্থক ওই কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। রাত সোয়া ৭টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বিকট শব্দ হয়। এতে তারা আতঙ্কিত হয়ে সেখান দ্রুত থেকে সরে যান।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মণ্ডল বলেন, “ফ্লাইওভারের উপর থেকে বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল সাদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।”

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই হাফিজুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, সেখানে ককটেল সাদৃশ বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।”

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ধাপেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মণ্ডল, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী আমজাদ আলী, বিএনপি নেতা ও ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।