৯৮৬ ছুঁয়ে পেনাল্টি মিস রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদোর অম্লমধুর দিনে হেরে গেছে তার দল আল নাস্র।
ম্যাচের শুরুতেই দারুণ একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাজার গোলের স্বপ্নের পথে এগিয়ে গেলেন আরেক ধাপ। খানিক পর পেতে পারতেন আরেকটি; কিন্তু সুবর্ণ সুযোগ নষ্ট করলেন তিনি।
রোনালদো পেনাল্টি মিস করার পর, তার দল আল নাস্রও পথ হারায়। সৌদি প্রো লিগে শুক্রবার আল আহলির মাঠে এগিয়ে গিয়েও ৩-১ গোলে হেরে যায় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় আল নাস্র। প্রতিপক্ষের ভুলের সুযোগে বল ধরেই ডি-বক্সে পাস দেন জুয়াও ফেলিক্স, আর পোস্টের দিকে না তাকিয়েই প্রথম ছোঁয়ায় জোরাল শটে ঠিকানা খুঁজে নেন রোনালদো।
ক্লাব ও জাতীয় দলের হয়ে পর্তুগিজ তারকার ক্যারিয়ারে মোট গোল হলো ৯৮৬টি।
চার মিনিট পরই পেনাল্টি পায় আল নাস্র, কিন্তু এবার পোস্টে মেরে বসেন রোনালদো। ব্যবধান দ্বিগুণের এমন সুযোগ নষ্টের পর যেন বিশ্বাসই হচ্ছিল না তার।
পরে প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন গালেনো। আর দ্বিতীয়ার্ধে আইভান টনি ও ইবানেসের গোলে জয় নিয়ে ফেরে আল আহলি।
লিগে ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাস্র।
১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।
