০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

১৪ বছরে লিভারপুলের আঙিনায় আর্সেনালের প্রথম জয়

ম্যানচেস্টার সিটিকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষেও ফিরেছে মিকেল আর্তেতার দল।

১৪ বছরে লিভারপুলের আঙিনায় আর্সেনালের প্রথম জয়

দলকে এগিয়ে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে কাই হাভার্টজের উদযাপন (ডানে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 12:32 AM

Updated : 02 Nov 2026, 12:50 AM

সুদীর্ঘ এক অপেক্ষার যেন শেষ হলো আর্সেনালের। ম্যাচের শুরুর দিকে জালে বল পাঠালেন কাই হাভার্টজ। এই ব্যবধান ধরে রেখে, ১৪ বছরের মধ্যে প্রথমবার লিভারপুলকে তাদেরই মাঠে হারাতে পারল লন্ডনের ক্লাবটি।

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতে, লিগ টেবিলের শীর্ষেও ফিরেছে আর্সেনাল।

পুরো ম্যাচেই আর্সেনালের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণ করেছে লিভারপুল। ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে স্বাগতিকরাই বরং গোলের জন্য বেশি শট নিয়েছে। কিন্তু অবাক করা বিষয়, তাদের ১৭ শটের একটিও লক্ষ্যে ছিল না। আর্সেনাল ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।

লিভারপুলের মাঠে এর আগে সবশেষ ২০১২-১৩ মৌসুমের প্রিমিয়ার লিগে জিতেছিল আর্সেনাল, ২-০ গোলে।

৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

তিন নম্বরে ব্রাইটনের পয়েন্ট ১৯ এবং তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে চেলসি।

দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় আর্সেনাল। নিজেদের সীমানায় লিভারপুল পজেশন হারানোর পর, সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান দিক থেকে দূরের পোস্টে বল বাড়ান ডেক্লান রাইস, আর নিচু শটে গোলটি করেন হাভার্টজ।

আট মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এই জার্মান। কিন্তু ব্রুনো গিমারাইসের কোনাকুনি শট পোস্টের কাছ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি তিনি।

পিছিয়ে পড়ার পর, ধীরে ধীরে চাপ বাড়ায় লিভারপুল। ৩৯তম মিনিটে ডি-বক্সের বাঁ দিকে ফ্রি কিক পেয়ে দূরের পোস্টে শট নেন ফ্লোহিয়ান ভিয়েৎস, ক্রসবারে সেটা প্রতিহত হয়। তিন মিনিট পর ফাঁকায় বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি আলেক্সিস মাক আলিস্তের।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ, কিন্তু কেউই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৭৩তম মিনিটে দূরের পোস্টে জোরাল শট নেন ক্রিস্তস জলিস, ঝাঁপিয়ে সেটা আটকে ব্যবধান বাড়তে দেননি আলিসন।

বাকি সময়েও খেলা একইভাবে এগিয়ে যায়, কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল। নিশ্চিত কোনো সুযোগই আর তৈরি করতে পারেনি তারা।