আইফোন ডুওর আদলে মটোরোলার নতুন ফোল্ডএবল ফোনের ছবি ফাঁস
ফোনের একটি সংস্করণ হতে পারে গাঢ় সবুজ রঙের ও তাতে কাপড়ের মতো ফিনিশ থাকতে পারে। অন্যটির চেহারা হতে পারে হালকা বাদামির মতো।
সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে নতুন ভাঁজ করা বা ফোল্ডএবল রেজর ফোনের আভাস দিয়েছিল মটোরোলা।
মোটা গড়নের ও বইয়ের মতো ভাঁজওয়ালা স্মার্টফোনটি তখন কেবল সিলুয়েট বা ছায়া-আকৃতিতে দেখানো হলেও সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্যে আসন্ন এই মডেলের ছবি ও বেশ কিছু বিস্তারিত তথ্য পাওয়ার দাবি করেছে।
প্রযুক্তি ও রিভিউ প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট সাইট ‘স্যামিগুরু’র তথ্য অনুসারে, পরবর্তী প্রজন্মের এই মডেলটির নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’।
ফোনের একটি সংস্করণ হবে গাঢ় সবুজ রঙের ও তাতে কাপড়ের মতো ফিনিশ থাকবে, আর অন্যটির চেহারা হবে বেইজ বা হালকা বাদামি চামড়ার মতো।
সাইটটিতে যেসব ছবি প্রকাশ পেয়েছে সেগুলোর সাইজ মটোরোলোর ভিডিওতে দেখা আকারের সঙ্গে মেলে এবং দুটি ভিন্ন রঙের মডেল দেখা গেছে।
স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ৮ বা নতুন আইফোন ডুওর আদলে এর নকশা করা হয়েছে; বন্ধ অবস্থায় এর পর্দা অনেকটা চৌকো আকৃতির ও খোলা অবস্থায় তা অনেকটা ট্যাবলেটের মতো আকার নেয়।
ধারণা করা হচ্ছে, ভাঁজ করা অবস্থায় বাইরের পর্দাটি হবে ৫ ইঞ্চি ও খোলার পর ভেতরের পর্দা দাঁড়াবে ৬ দশমিক ৯ ইঞ্চিতে।
পাশাপাশি গুঞ্জনের বরাতে স্যামিগুরু বলেছে, রেজর ফ্লেক্স বাজারে এলে যুক্তরাষ্ট্রে এর খুচরা দাম প্রায় ১ হাজার ৭০০ ডলার হতে পারে।
বরাবরের মতোই ফাঁস হওয়া এসব তথ্য বেশ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে হয়।
মটোরোলার প্রথম ফোল্ডএবল মডেল ‘মটোরোলা রেজর ফোল্ড’-এ যে রং ও ফিনিশ দেওয়া হয়েছিল, ফাঁস হওয়া ছবিতে দেখা রং ও ফিনিশ তার চেয়ে বেশ আলাদা।
তবে শরতের ওই টিজার ছাড়া বর্থমানে নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো তথ্য দেয়নি মটোরোলা।
