১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডয়চে ব্যাংকের নথি ফাঁস: ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া নিয়ে নতুন তথ্য

ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি গোপন নথি ফাঁসে ট্রাম্পের কর বিবরণী, এপস্টেইনের ৫৮ কোটি ডলারের সন্দেহজনক লেনদেন এবং রাশিয়ার ধনকুবেরদের সঙ্গে লেনদেনের সব তথ্য বেরিয়ে এসেছে।

ডয়চে ব্যাংকের নথি ফাঁস: ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া নিয়ে নতুন তথ্য

ডয়চে ব্যাংকের লোগো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:57 PM

Updated : 19 Nov 2026, 09:57 PM

জার্মানির শীর্ষস্থানীয় ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীন নথি ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যাংকটির লেনদেন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একটি জোটের উদ্যোগে মঙ্গলবার প্রকাশিত ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন জার্মানির বৃহত্তম এই ব্যাংকটিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

অর্থ পাচার রোধে ব্যর্থতার পর দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাংকটি নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল।

কী কী তথ্য ফাঁস হয়েছে এবং কীভাবে তা ঘটল?

অনুসন্ধানে নামা ফরাসি সংবাদমাধ্যম ‘লা মঁদ’ জানিয়েছে, লাখ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী ও অভ্যন্তরীন প্রতিবেদনসহ এসব নথি ফাঁস করেছেন দুজন তথ্যদাতা। নিরাপত্তার কথা ভেবে তাদের নাম-পরিচয় ও ব্যাংকের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখা হয়েছে।

ওই দুই ব্যক্তি সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে তাদের মনে হয়েছে এবং জনস্বার্থের কথা ভেবেই তারা নথিগুলো সামনে এনেছেন।

এই বিপুল পরিমাণ নথি প্রথম হাতে পান ভারতীয় সাংবাদিক জোসি জোসেফ ও দক্ষিণ আফ্রিকার সাংবাদিক খাদিজা শরিফ।

পরে আন্তর্জাতিক এক সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে তারা নথিগুলো ডের স্পিগেল, ফিন্যান্সিয়াল টাইমস ও নিউ ইয়র্ক টাইমসসহ প্রায় ৫০টি সংবাদমাধ্যমের ২৩০ জনেরও বেশি সাংবাদিকের সঙ্গে ভাগ করে নেন।

ডয়চে ব্যাংক জানিয়েছে, অনুসন্ধানে যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলো 'অনেক বছর আগের' এবং এরপর থেকে তারা নিজেদের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করেছে।

এই ঘটনার ফলে বড় কোনও আর্থিক ক্ষতির আশঙ্কা নেই বলেও ব্যাংকটি দাবি করেছে। তাছাড়া ২০১৮ সাল থেকে ব্যাংকটির নেতৃত্বে থাকা প্রধান নির্বাহী (সিইও) ক্রিশ্চিয়ান সিউইংয়ের প্রতি পরিচালনা পর্ষদের পূর্ণ সমর্থন রয়েছে বলে ফের জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান।

এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, “আজকের ডয়চে ব্যাংক একেবারেই আলাদা এক ব্যাংক।”

ফাঁস হওয়া নথিতে ট্রাম্প সম্পর্কে কী জানা গেছে?

নথিতে ট্রাম্পের মালিকানাধীন কোম্পানিগুলোর ৩০ লাখ ডলারেরও বেশি লেনদেনের তথ্য শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রাশিয়া ও আজারবাইজানের সন্দেহভাজন অর্থ পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও রয়েছে।

ট্রাম্প ৯০ এর দশকের শুরু থেকে ব্যবসায় একের পর এক দেউলিয়া হওয়া এবং ঋণখেলাপি হওয়ার পরও ডয়চে ব্যাংক তাকে বছরের পর বছর ঋণ দিয়ে গেছে। ২০২১ সালের জানুয়ারি নাগাদ ট্রাম্পের কোম্পানির কাছে ব্যাংকটির বকেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ কোটি ডলারে। সে সময় ডয়চে ব্যাংকই ছিল ট্রাম্পের সবচেয়ে বড় ঋণদাতা।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের প্রক্রিয়া ঠেকাতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে বিক্ষোভকারীরা হামলা চালায়।

এর পরপরই ওই মাসেই ট্রাম্পের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেয় ডয়চে ব্যাংক। সে সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন ট্রাম্প, যদিও এর পক্ষে কখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

‘ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে ব্যাংকটি ভুলবশত তার একটি কর সংক্রান্ত নথি অন্য এক গ্রাহকের অ্যাকাউন্ট্যান্টের কাছে পাঠিয়ে দিয়েছিল। তবে এই ভুলের কথা তারা কখনোই ট্রাম্পকে জানায়নি।

মঙ্গলবার আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্সের ম্যানিলা সফরের সময় তথ্য ফাঁসের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ব্যাংকটির উচিত হয়নি ওই তথ্য প্রকাশ করা।

তিনি বলেন, “তাদের এটা করা উচিত হয়নি। এমনটা করা তাদের জন্য বেআইনি।” তবে তার এই মন্তব্যের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি ডয়চে ব্যাংক।

ফাঁস হওয়া নথিতে ট্রাম্পের অ্যাকাউন্টগুলোর ওপর ব্যাংকটির বিশেষ নজরদারির তথ্যও উঠে এসেছে। অবশ্য এসব অ্যাকাউন্ট পরিচালনার ধরন নিয়ে ডয়চে ব্যাংক এর আগেও তদন্তের মুখে পড়েছিল।

২০১৯ সালে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে ডয়চে ব্যাংক। অবশ্য সে সময় ব্যাংকটি দাবি করেছিল, এ ধরনের সন্দেহজনক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে তাদের কোনও তদন্তকারীকে বাধা দেওয়া হয়নি।

ফাঁস হওয়া নথিতে এপস্টেইন সম্পর্কে কী জানা গেছে?

ফাঁস হওয়া নথিতে এপস্টেইন সংশ্লিষ্ট প্রায় ৫৮ কোটি ২০ লাখ ডলারের লেনদেনের তালিকা পাওয়া গেছে। ব্যাংকের ভেতরেই এসব লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সেনেটের তদন্তে ব্যাংকগুলোর নজর এড়িয়ে যাওয়া বা গোপন রাখা লেনদেনের যে অঙ্ক আগে সামনে এসেছিল, নতুন এই পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। গত অগাস্টে সেনেটের ওই তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ডয়চে ব্যাংকের এক মুখপাত্র বলেছিলেন, এপস্টেইনের সঙ্গে অতীতের এই সম্পর্কের জন্য ব্যাংক অনুতপ্ত।

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনবৃত্তিতে জড়ানোর অভিযোগ ফ্লোরিডায় দোষ স্বীকারের পাঁচ বছর পর, ২০১৩ সালে ডয়চে ব্যাংকের গ্রাহক হন মার্কিন অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন। ২০১৮ সাল পর্যন্ত তিনি এই ব্যাংকের গ্রাহক ছিলেন।

পরে যৌন পাচারের মামলায় বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়।

নতুন ফাঁস হওয়া অভ্যন্তরীন ইমেইল থেকে জানা গেছে, দণ্ড পাওয়ার পরও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের অনুমোদনেই এপস্টেইনকে গ্রাহক করা হয়েছিল। এমনকি তার সাবেক প্রেমিকা ও সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা পাওয়ার পরও তার অ্যাকাউন্টগুলো খোলা রাখা হয়।

কিশোরীদেরকে যৌন নিপীড়নের কাজে এপস্টেইনকে সহযোগিতা করার অভিযোগে ২০২১ সালে ম্যাক্সওয়েল দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

নথিতে প্রাইভেট ইকুইটি ধনকুবের লিয়ন ব্ল্যাক এবং ওয়াল স্ট্রিটের অর্থলগ্নিকারী গ্লেন ডাবিনের মতো এপস্টেইনের প্রভাবশালী ও বিত্তশালী সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্যও উঠে এসেছে।

ব্ল্যাকের প্রতিষ্ঠানের উদ্যোগে আগের এক পর্যালোচনায় দেখা গিয়েছিল, কর ও সম্পদ ব্যবস্থাপনার পরামর্শ নেওয়ার বিনিময়ে ২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে তিনি এপস্টেইনকে ১৫ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিলেন।

অবশ্য ব্ল্যাক সব সময়ই এপস্টেইনের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। কোনও ধরনের অন্যায়ে জড়িত থাকা বা কিশোরী ও তরুণীদের ওপর এপস্টেইনের নিপীড়নের বিষয়ে কিছু জানার কথাও তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

এপস্টেইন-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে ব্যাংকটি ২০ কোটি ডলারেরও বেশি জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার কয়েক বছর পর এই নথি ফাঁসের ঘটনা ঘটল।

এর আগে ২০২০ সালে এপস্টেইন ও অন্যান্য উচ্চ-ঝুঁকিপূর্ণ গ্রাহকদের ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটিকে ১৫ কোটি ডলার জরিমানা করেছিল।

সে সময় তদন্তে বেরিয়ে এসেছিল যে, ব্যাংকটিতে এপস্টেইনের ৪০টিরও বেশি অ্যাকাউন্ট ছিল। তাছাড়া ২০২৩ সালে এপস্টেইনের হাতে নিপীড়নের শিকার হওয়া নারীদের করা একটি মামলা নিষ্পত্তির জন্য সাড়ে ৭ কোটি ডলার দিতে রাজি হয়েছিল ডয়চে ব্যাংক।

ফাঁস হওয়া নথিতে আর কাদের নাম এসেছে?

নথিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়া পর্যন্ত মস্কোয় ডয়চে ব্যাংকের ব্যবসায়িক লেনদেনের বিস্তারিত তথ্যও উঠে এসেছে। ব্যাংকটির কিছু ব্যবস্থাপক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এই লেনদেন চালিয়ে যাওয়া হয়েছিল।

নিষেধাজ্ঞা ও অর্থ পাচারের আশঙ্কা থাকার পরও ক্রেমলিন-ঘনিষ্ঠ ধনকুবের গ্রাহকদের সঙ্গে ব্যাংকটির লেনদেন চালিয়ে যাওয়া নিয়ে অভ্যন্তরীন সতর্কবার্তাও এসব নথিতে আছে, যা আগে কখনও প্রকাশ পায়নি।

নথিতে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন, ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক, রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ওলেগ ডেরিপাস্কা।

২০২২ সালে ওই দুই জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। নথিতে নাম আসা আরেক রুশ ধনকুবের সুলেইমান কেরিমভের ওপর ২০১৪ এবং ২০১৮ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও নথিতে পাওয়া গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় তহবিলের অর্থ সরিয়ে লাখ লাখ ইউরো মূল্যের সম্পত্তি কেনার অভিযোগে ২০২০ সালে ফ্রান্সে দোষী সাব্যস্ত হয়েছিলেন রিফাত। গত জানুয়ারিতে তিনি মারা যান।

এছাড়া ‘সারকোজি-লিবিয়া’ কেলেঙ্কারিতে জড়িতদের তথ্যও রয়েছে কিছু নথিতে। ২০০৭ সালের নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টার ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ২০২৫ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।