সংস্কৃতি আর রাজনীতি আলাদা হলে দেশ আগাত: 'আড্ডানামায়’ শিবলী মহম্মদ
“যে সরকারই আসে, তারা মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ফাঁদে।”
নৃত্যশিল্পী শিবলী মহম্মদ দেখেছেন, একাত্তরে বাবা সলিমউল্লাহর মৃত্যুর পর তার মা জেবুন্নেছা সলিমউল্লাহ দশ ছেলেমেয়েকে নিয়ে টিকে থাকতে কীভাবে দিনরাত এক করছেন। সেই যে যুদ্ধের শুরুতে তার পা ভেঙেছিল, পরে ভাঙা পায়েই সেলাই করা জামাকাপড় বিক্রি করতেন খুঁড়িয়ে হেঁটে। ওই আয়ে চলত বৃহৎ সংসারটি।
একটি ডিম ভেজে চার-পাঁচ টুকরা করে ভাগ করে দেওয়া হত খাবার সময়; তবুও সেই ভাঙা ঘরেও আনন্দ উছলে পড়ত।
শিবলী মহম্মদরা সব ভাইবোন মিলে বাড়ির ভেতরে চৌকিতে মঞ্চ সাজিয়ে অনুষ্ঠান করতেন। বাড়িতে ঘুঙুর ছিল না তো কী হয়েছে, বিকল্প হিসেবে পায়ে চাবির গোছা বেঁধে নাচ হত জমিয়ে।
এসব কথা-স্মৃতি-গল্প শিবলী শুনিয়েছেন গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ 'আড্ডানামা'র ষোড়শ পর্বে এসে। মা-বাবা, ভাইবোনদের কথার পাশাপাশি নাচ নিয়ে নিজেকে তৈরির করার সংগ্রামের কথা বলতে বলতে শিবলী মহম্মদের গলা কখনো ধরে এসেছে, কখনো চোখের কোণে জমেছে অশ্রু। কখনও হেসেছেন, মন খুলে গল্পও করেছেন।
দেশের স্বনামধন্য এই শিল্পী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ভারত সরকারের বৃত্তি নিয়ে গিয়েছেন সেদেশে। সেখানে কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের কাছে শিখেছেন ।
দেশে ফিরে নৃত্যশিল্পী শামীম আর নিপার সঙ্গে জুটি বেঁধে হয়ে উঠেছেন এক অবিচ্ছেদ্য জুটি। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী এখন নিজের প্রতিষ্ঠানে ‘নৃত্যাঞ্চল’-এ হাজার হাজার শিক্ষার্থীকে নাচ শেখান।
তবে নাচের জগতে নতুন প্রজন্মের মাঝে সাধানার অভাব দেখছেন এই নৃত্যশিল্পী। তা নিয়ে আক্ষেপ করে বলেন, "একদম জেদটা নাই এখন হয়েছে লোভ।"
কীসের লোভ, তাও বলেছেন তিনি। কত দ্রুত তারকা হওয়া যায়, কত দ্রুত গাড়ি-বাড়ি-ফ্ল্যাট হয়, সেই লোভ। নিজেদের কথা বলতে গিয়ে বলেন, "আমরা তো তারকা হবার জন্য নাচ করিনি।"
‘আড্ডানামা’ সঞ্চালনা করেছেন মঞ্চের অভিনেত্রী নিকিতা নন্দিনী। গ্লিটজের এ আয়োজনে সহযোগিতা করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল।
আগের পনেরো পর্বে অতিথি হয়েছিলেন অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, গীতিআরা সাফিয়া চৌধুরী, শামীম আজাদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী সানজিদা প্রীতি, অভিনেতা শ্যামল মাওলা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের পাশাপাশি ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে এ অনুষ্ঠান।
'বয়স ১৭ থেকে আর সরবে না'
আড্ডার শুরুতেই সঞ্চালক শিবলী মহম্মদের বয়স নিয়ে প্রশ্ন করলে শিবলী মহম্মদ মজার ছলে উত্তর দিয়েছেন, ‘তার বয়স ১৭’।
তার কথায়, “১৭ ভালো বয়স, কারণ তখনো প্রাপ্তবয়স্ক হওয়া হয় না। তবে ১৮ হওয়ার আনন্দও আছে। আবার মনের মধ্যে আনন্দ ১৮ হবে। কিন্তু এই ১৭ থেকে আর সরে না।"
সঞ্চালক নিকিতা নন্দিনীর কথায়, ‘সবাই বলেন শিবলী মহম্মদের বয়স বাড়ে না’, তারুণ্যের এই রহস্য কী, জানতে চাইলে শিবলী বলেন, ‘বয়স প্রতিদিনই বাড়ে’।"
তবে নিজের যত্ন নেওয়ার পেছনে একটি ভাবনা আছে তার।
তিনি বলেন, "আমাদের কিন্তু একটাই জীবন, যেকোন দিন আমরা চলেও যাব। প্রতিদিনই আমাদের মূল্যবান দিন।"
সুন্দর থাকার প্রভাব মনের ওপরও পড়ে বলে মনে করেন তিনি।
শিবলী বলেন, "আমি যদি একটা ভালো কাপড় পরি, ভালো একটা পারফিউম মাখি, ভালো একটা জুতো পরি, ভালোভাবে প্রেজেন্টেবল হয়ে বেরোতে পারি, তবে নিজের মনের মধ্যেও একটা কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়।"
এই অভ্যাস তিনি শিখেছেন মায়ের কাছ থেকে।
মাকে নিয়ে শিবলী বলেন, ছোটবেলায় দেখেছেন, খাওয়া দাওয়ার পর গোসল সেরে ছোট হাতার ব্লাউজ, শাড়ি পরে, কখনো কানে বেলিফুল গুঁজে সাজতেন তার মা।
শিবলী মহম্মদ বলেন, "আম্মাকে খুব সুন্দর লাগতো দেখতে আরকি, আমাদের এই যে সৌন্দর্য বোধ, এই জিনিসটা তৈরি হয়েছে আমাদের ওই সময় থেকে আমার মনে হয়।"
‘নাইন টেনে উঠে খুব পড়ুয়া হয়ে গেলাম’
শিবলী মহম্মদ পদার্থবিজ্ঞানে স্নাতক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ভারতে গিয়ে কত্থকসম্রাট বিরজু মহারাজের কাছেও নৃত্যের তালিম নিয়েছেন। এর মধ্যে কোনটা সামলানো কঠিন, জানতে চাইলে তিনি দুইটি কাজকে আলাদা করে দেখেন।
"দুইটা দুই রকম, একটা হল মেন্টাল একটা ফিজিক্যাল।"
পড়াশোনায় তিনি মনোযোগী হয়েছিলেন নবম-দশম শ্রেণিতে ওঠার পর থেকে। তার ভাষায়, "নাইন টেনে উঠলাম, আমি খুব পড়ুয়া হয়ে গেলাম হঠাৎ করে।"
দশ ভাইবোনের বাড়িতে বাকিরাও পড়াশোনায় ভালো ছিলেন বলে জানিয়েছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময় নাচের উপরে ভারত সরকারের বৃত্তি পান তিনি।
পড়াশোনার সঙ্গে নাচের এমন বৈপরীত্যে প্রথমে মায়ের আপত্তি ছিল। তিনি বলেন, "মাও একটু আপসেট ছিলেন প্রথম দিকে।"
অনার্স শেষ বর্ষেই তাকে ভারতে চলে যেতে হয়েছিল। তখন দুই দেশে পড়াশোনা ও নাচ একসঙ্গে চালানোর কঠিন সময়ের কথা বলেন তিনি।
এত ধকল সামলানোর শক্তি তিনি কোথায় পেয়েছেন, প্রশ্নে তিনি বলেন, "আমি কিন্তু খুব যে ধার্মিক তা না, কিন্তু আমি কিন্তু স্রষ্টায় বিশ্বাস করি। এই যে একটা শক্তি, এটা তো উনার দেওয়া, এটা কিন্তু আমার নিজস্ব কোনো ক্রিয়েশন নয়।"
পুরুষ নৃত্যশিল্পী হিসেবে স্রোতের বিপরীতে হাঁটতে হয়েছে তাকে। দেশে ফিরে নাচ শুরু করার পর তিনি ভেবেছিলেন সমালোচনাই বেশি আসবে। তবে বাস্তবে পেয়েছেন প্রশংসা।
বড়দের কাছ থেকেও উৎসাহ পেয়েছেন তিনি।
'ইতিহাস কোনদিনও মিথ্যা বলে না'
শিবলী মহম্মদের সঙ্গে কথা হয় মুক্তিযুদ্ধ নিয়ে।
আক্ষেপ করে শিবলী মহম্মদ বলেন, "মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা আসা উচিত। যে সরকার আসে, উনি উনার মতন একটা গল্প পাতেন, মানে গল্প পাতেন একটা এরকম গল্প, আরেকজন আসলে আরেকজন উনার মত করে করেন।"
এর ফল হয় বিভ্রান্তি, বিশেষ করে একাত্তরের পর জন্ম নেওয়া প্রজন্মের জন্য। তিনি বলেন, "ওরা ইনফ্যাক্ট ওরা কিন্তু ভীষণ কনফিউজড যে কোনটা সত্যি।"
একটা গল্প তুলে ধরে তিনি জানিয়েছেন, একবার এক শিশুর কথা শুনে তিনি নিজের পরিবারের গল্প বলেছিলেন। শিশুটি বলছিল, ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে, এটুকুই সে শুনেছে, কিন্তু কোনো শহীদকে দেখেনি।
শিবলী তাকে জিজ্ঞেস করেছিলেন, "আচ্ছা তুমি কি জানো যে আমার বাবা একাত্তরে শুধু শহীদ না আমার বাবাকে কি নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে।"
২৫ মার্চের কালরাতের পরের ঘটনা তিনি মনে করেন। মোহাম্মদপুরে তাদের চারতলা বাড়ি।
শিবলী বলেন, "আমাদের জীবনে যে গত ট্র্যাজেডি আছে সেটা এই বাচ্চাদের জানা উচিত আমি মনে করি। মার্চ রাতে কালরাত্রি, পরের দিনেই কিন্তু ওই দিন রাতে আগুন শুরু হল, আমরা মোহাম্মদপুরে ছিলাম, আমাদের বাড়িটাকে রেইড করে রাখা হলো সারারাত, দুপুরে জুম্মার ব্রেক হল, আব্বা নামাজ পড়তে গেলেন. ফিরে আসলেন না, তো ওইখানে নিষ্ঠুরভাবে আব্বাকে হত্যা করা হয়।
“আমার বলার একটাই এই প্রজন্মকে যে, অনেক কষ্ট করে অর্জন হয়েছে এই দেশটা, অনেক কষ্ট করে। কত মা-বোনদের ইজ্জত গেছে, কত কত মেয়েরা বীরাঙ্গনা হয়েছেন।”
একাত্তর খুঁড়ে দেখতে তরুণদের বই পড়তে পরামর্শ দিয়ে তিনি বলেন, "ইতিহাস কিন্তু কোনদিনও মিথ্যা বলে না ইতিহাস ধামাচাপা পড়ে গেলেও সত্যটা একসময় বেরিয়ে আসে।"
ইতিহাস ধূলোবালির আস্তরণে চাপা পড়ে যাওয়ার একটি উদাহরণ দেন তিনি। মোহাম্মদপুরের শহীদ সলিমুল্লাহ রোড তার বাবার নামে। কিন্তু অনেকেই সেটা জানেন না।
আক্ষেপ প্রকাশ করে এই শিল্পী বলেন, "বাড়ির গেইটে বা দোকানে লেখা আছে সলিমুল্লাহ রোড এখন এটা কি স্যার সলিমুল্লাহ রোড এটা কি কোন মানে অন্য কোন সলিমুল্লাহ, বাট উনার যে একটা ত্যাগ আছে উনার যে দেশের জন্য একটা অবদান আছে উনার যে দেশের জন্য একটা স্যাক্রিফাইস আছে এটার পরে যে উনি এটাকে উনার নামে এটাকে স্বীকৃতি স্বরূপ উনি পেয়েছেন, এটা যদি শহীদ একটা শব্দ ইউজ করা হয়, তাহলেই কিন্তু এটা ও জানতে চাইবে ইনি কিভাবে শহীদ হয়েছেন, এই যে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু হয়নি।”
'ডিম আমাদের জন্য একটা বিশাল ব্যাপার ছিল'
মা কীভাবে দশ ভাইবোনের পরিবার সামলেছিলেন, এই প্রশ্নে শিবলী মহম্মদ একাত্তরে বাড়িতে আগুন দেওয়ার কথা মনে করেন।
বাড়িতে আগুন জ্বলে ওঠার পর দোতলা থেকে লাফ দিয়েছিলেন তার মা। এতে দুই পায়েরই ক্ষতি হয়।
"আমার আম্মার দুইটা পায়ের মধ্যে একটা পা ভীষণভাবে ভেঙে গেছিল, আরেকটাও ভাঙে। নয় মাসের মধ্যে আমরা নানার বাড়ি দাদার বাড়ি অমুকের বাড়ি বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম, বড় ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে।"
মায়ের পায়ের চিকিৎসাও এই সময়ে হয়নি।
"নয় মাস পার হলো আমার মায়ের পাটা চিকিৎসা আর হলো না।"
স্বাধীনতার পর ঘরবাড়ি সারাতে ধারদেনা করতে হয়েছিল তার মাকে।
সেই কথা স্মরণ করে শিবলী বলেন, "ক্ষুধা এবং অভাব কি জিনিস এটা আমরা দেখেছি। আমার এক যে বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম লালবাগে, ওই ভদ্রলোক আমার ম্যাট্রিকের ফিসটা দিয়েছিল। আমার নাইলে ম্যাট্রিক পরীক্ষাও দেওয়া হত না কারণ আম্মার কাছে ওইটুকু টাকা নাই।
“আর আম্মা তখন কি করতেন সারারাত সেলাই করতেন এই বিভিন্ন রকম কাপড়ের এমব্রয়ডারি করতেন, এই ভোরবেলায় বাজারে যেতেন বাজার থেকে এসে রান্না করতেন, এই হেঁটে হেঁটে এই ভাঙা পা কীভাবে আমি জানিনা! আম্মার কথা ভাবলে এখন আমি আর কথাই বলতে পারবো না।
মায়ের কথা সবিস্তারে বলতে গিয়ে তিনি বলেন, “কীভাবে আম্মা এগুলোকে বিভিন্ন দোকানে দিয়ে যে পয়সাটা পেত ওইটা দিয়ে হয়তো কারো একটা ইউনিফর্ম হত, কোন ভাইবোনের একটা স্কুলের জুতা হত। আর ভালো খাবার কি আমরা জানতামই না। একটা ডিম ভেজে হয়তো চার পাঁচ টুকরা করে ভাগ ভাগ করে দিচ্ছে। ডিমটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু আমাদের না কোনদিন আক্ষেপ ছিল না।"
সেই কষ্টের মধ্যেও বাড়িতে আনন্দের কমতি ছিল না। তিনি বলেন, "গান হচ্ছে, নাচ হচ্ছে, এ লাফাচ্ছে, ও লাফাচ্ছে। নাচের মঞ্চ ছিল ঘরেই, ঘুঙুরও ছিল নিজেদের তৈরি। পায়ের মধ্যে চাবির গোছা বেঁধে ওইটা ঘুঙুর এই দিয়ে নাচ হচ্ছে।"
শিবলীর মা মারা গেছেন তিন বছর আগে, ৯৬ বছর বয়সে।
সন্তানদের কাছে মা ছিলেন একমাত্র কথা। তিনি বলেন, "আমাদের সবসময় মনে হয়েছে মা আগে, উনার প্রায়োরিটি সবার আগে, তারপরে অন্য কিছু যাই হবে।"
'জুটি কিন্তু দর্শক বানায়'
শিবলী মহম্মদের নৃত্যজীবনের সঙ্গে জড়িয়ে আছেন শামীম আরা নিপার নাম, যিনি 'আড্ডানামা'র চতুর্দশ পর্বে অতিথি ছিলেন।
শিবলী মহম্মদ হয়ে ওঠার পেছনে নিপার ভূমিকা কী, জানতে চাইলে তিনি আগে নিজের দিকটা বলেন।
নিপার ভূমিকা নিয়ে বলেন, "নীপার ভূমিকা অনেক, আবার আমার ভূমিকাটা নীপা বলবে।"
শিবলী বলেন, "আমি যখন ইন্ডিয়া থেকে ফিরে আসি না তখন নীপা সুপারস্টার বাংলাদেশে এইট্টিজ এর মাঝামাঝি চুরাশি সাল বা এরপরের সময়।"
নিপার প্রতিভা নিয়ে তিনি বলেন, "ও বরাবরই খুব ট্যালেন্টেড এটা গড গিফটেড, আমি বলব এটা নীপার ব্যাপারে যে নীপা সম্পূর্ণটাই গড গিফটেড। ও যে খুব খুব বড় বড় ওস্তাদের তালিম নিয়ে একদম দক্ষ হয়ে এসছিল তা কিন্তু না, ও পিক করতে পারতো এই যে এইটা ছিল ওর সাংঘাতিক এবং আমি যখন ইন্ডিয়া থেকে আসলাম তখনই ওর ইচ্ছা হল আমার সাথে কত্থক করবে।
তো আমি যেহেতু কত্থকের উপরে পড়াশোনা, ও ওকে কিন্তু হাতে ধরে এ বি সি ডি আমার শেখাতে হয়নি। ও ধরে ফেলত, যাই করতাম এটাকে চেষ্টা করতো করতে করতে পরে আস্তে আস্তে এটাকে ঠিক করা হয়েছে।"
নিজের তখনকার অবস্থার কথাও বলেন তিনি। পত্রিকায় তখন লেখা হতো নিপার নাম, সঙ্গে 'জনৈক শিল্পী'।
তিনি বলেন, "আমি তখন পত্রিকায় লিখতো শামিম আরা নীপা ও জনৈক শিল্পী।"
তবে তারকা নিপার পাশে নেচে তিনি দ্রুত পরিচিতি পান। শিবলীর কথায়, "ওর জন্র আমাকে আর সিঁড়ি বাইতে হয়নি। আমি একবারে চূড়ায় বসে গেছি।"
তাদের জুটি গড়ে ওঠার পেছনে সব কৃতীত্ব দর্শকদের দেন শিবলী।
তিনি বলেন, "জুটি কিন্তু দর্শক বানায়, জুটি কিন্তু বলে কয়ে হয় না যে আমরা জুটি হবো নো এরকম হয় না।"
'জেদটা নাই, এখন হয়েছে লোভ'
এত বছরের সাধনায় কখনো জেদ কাজ করেছে কি না, এই প্রশ্নে শিবলী মহম্মদ বলেন, "এখনো যদি কেউ বলে যে আপনি দেশের সম্পদ আপনি এই, আমরা খুব হাসি পাই। আমি তো নাচটা করে গেছি। আমি স্টুডেন্ট তৈরি করেছি। এখনো শিখি, এখনো আমার মনে হয় অনেক শেখার বাকি অনেক বাকি। তারকা হতে কিছু করিনি”
ছাত্রদেরও তিনি তারকা হওয়ার চিন্তা ভুলতে বলেন। তার ভাষায়, "আমি ভালো পারফরম্যান্স করব লোকে পছন্দ করবে আমি আমার স্টুডেন্টদেরও বলি যে তোমার ওই যে তারকা হতে হবে এই হতে হবে সেই হতে হবে এগুলো ভুলে যাও, ভালো ডান্সার হও, ভালো ডান্স করো লোকের অ্যাপ্রিশিয়েট করবে দ্যাট ইজ ইওর অ্যাচিভমেন্ট।"
এখনকার নৃত্যশিল্পীদের মধ্যে আগের সেই সাধনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, "একদম জেদটা নাই এখন হয়েছে লোভ।"
ব্যাখ্যা করে বলেন, "কত দ্রুত তারকা হব, কত দ্রুত আমার গাড়ি বাড়ি ফ্ল্যাট হবে, এটাই চলছে।"
অভিভাবকদের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি। তার কাছে এসে অনেকে প্রথমেই জানতে চান, সন্তান কবে টেলিভিশনে নাচবে।
তিনি বলেন, "স্যার আমার মেয়েটা কবে টেলিভিশনে নাচবে।" তিনি উত্তরে জানিয়ে দেন, এর নিশ্চয়তা তিনি দিতে পারবেন না।
‘আমার দায়িত্ব শুধু শেখানো’
শিক্ষার্থীদের নিয়ে তিনি বলেন, "এখন যেটা হয়েছে যে অস্থির ভীষণ অস্থির।"
এই শিল্পীর ভাষ্য, নাচ শেখা একধরনের ধ্যান, সাধনা।
“আমার প্রায় ৮০ থেকে ১০০ টা ডান্সার আছে আমার স্টুডেন্ট যারা রিয়েল অর্থে ডান্সকে ভালোবাসে এবং তুখোড় নাচে। সাধনার কোন বিকল্পই নেই।"
'সংস্কৃতি আর রাজনীতি দুইটা যদি আলাদা হতে পারত'
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্য কতটা ভূমিকা রাখছে, এই প্রশ্নে শিবলী মহম্মদ বলেন, "বাংলাদেশের নাচ কিন্তু এখন আলাদা করা যায়।"
বিদেশে বাংলাদেশিদের নাচের চর্চা বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
শিবলী বলেন. “আমরা পৃথিবীর যেখানেই গেছি আমাদের পতাকা নিয়ে আমরা সবসময় একটা দাঁড়াতাম। পাকিস্তানের মত জায়গাতে স্বাধীনতার পরে প্রথম পতাকা উড়িয়েছি আমি মঞ্চে।"
সেই অনুভূতি নিয়ে তিনি বলেন, "অনুভূতি তো আমার সাংঘাতিক কারণ আমার শরীরে শহীদের রক্ত আর সামনে বসা ছিল নেওয়াজ শরীফ। পরের দিন পত্রিকায় ক্রিটিসিজমের কোন কমতি ছিল না। আমি স্বাধীন দেশ থেকে এসছি প্রথম ডেলিগেশন এবং আমি পতাকাটা উড়িয়েছি সেই মঞ্চে দাঁড়িয়ে। তো এটা তো কম কথা নয়।"
আন্তর্জাতিক অঙ্গনে আরও এগোনোর পথে বাধা কী, সেটাও বলেন তিনি। তার মতে, সংস্কৃতিকে রাজনীতি থেকে আলাদা রাখা গেলে অনেকদূর যাওয়া সম্ভব হত।
তিনি বলেন, "বাংলাদেশের নাচ বল গান বল ইন্সট্রুমেন্ট বল আমাদের দুর্ভাগা একটাই আমরা যে যেই সরকারই আসে এই এই কালচারটাকে সম্পূর্ণ নিজে দখলে নিয়ে নেয়। কেন? আপনারা রাজনীতি করেন দেশের উন্নতি করেন, আপনারা এই শিল্পীদেরকে এনকারেজ করেন। আপনার জয়ধ্বনি দেওয়ার জন্য তো রাজনৈতিক কর্মীরাই আছে। আর শিল্পেরা মানুষরা তাদের কাজ করবে।”
“রাষ্ট্রের জয়ধ্বনি তো আমরা করবোই বাট ওই দলের জয়ধ্বনি এইটা যদি বাদ দিতে হবে। সরকার যদি শুধু সংস্কৃতিকে বলত আপনি আপনার মত করে যা করেন আমরা আপনাকে প্রমোট করব প্যাট্রোনাইজ করব অর্থ যা লাগে দিব আপনি করেন। সরি আমরা এই ভাগ্যটা হয়নি আমাদের।"
'আমি সুখী'
রিলস ও টিকটকের যুগ নিয়ে প্রশ্ন করার আগেই হাসতে হাসতে নিজের প্রযুক্তি-জ্ঞানের সীমা জানান শিবলী মহম্মদ।
তিনি বলেন, "আমার যেটা ফোন আছে ওইটার আমি শুধু হোয়াটসঅ্যাপ পারি।"
মেসেজ লেখাও তাকে শিখিয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সোশাল মিডিয়া নিয়ে তিনি বলেন, "এর বাইরে ফেইসবুক বল আরও কত কত টিকটক রিলস এগুলো আমি কিছুই বুঝি না আমি বুঝতে চাইও না আমি জানতে চাইও না।"
এই দূরত্বই কি তারুণ্যের রহস্য, এই প্রশ্নে তিনি বলেন, "আমি সুখী।"
‘এতটা কষ্ট দিয়ে চলে যাওয়া, সাদি খুবই অন্যায় করেছে’
বড় ভাই সাদি মহম্মদকে নিয়ে প্রশ্ন করতে গিয়ে সঞ্চালক নিকিতা ক্ষমা চেয়ে নেন। তার কথায়, শিবলী মহম্মদের মন খারাপ করানোর ইচ্ছা তার ছিল না। তিনি জানতে চান কোনো আনন্দের স্মৃতি বা আক্ষেপের কথা।
শিবলী বলেন, "সাদির ব্যাপারে আমি একটাই বলব, সবাই দোয়া করবেন যেন ও ভালো থাকে তার আত্মা শান্তিতে থাকে কেন ও আমাদের পরিবারের সঙ্গে না সমগ্র দেশের মানুষের সাথে খুব অন্যায় করেছে। খুবই অন্যায় করেছে ও এতটা কষ্ট দিয়ে চলে যাওয়া"
দেশের বাইরে গেলেও প্রবাসী বাঙালির সঙ্গে দেখা হলে তারা সাদির জন্য কাঁদেন বলেও জানিয়েছেন তিনি।
ভাইয়ের চলে যাওয়ার কষ্ট নিয়ে বলেন, "মানে এই যে সবাইকে কষ্টটা দিয়ে গেল এটা কি একটা ক্ষমার যোগ্য কাজ কিন্তু ও তো চলে গেছে খারাপ লাগে ওর জন্য অনেক মায়া লাগে আমি মাঝে মাঝে পাগল পাগল লাগে যখন একা একা ভাবি একা ঘরে থাকি"
সাদি ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু। একসঙ্গে কী কী করতেন, সে স্মৃতিও বলেন তিনি।
"বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা। আমরা একসাথে সবসময় টিভি দেখা গল্প করা কোন নাচ নিয়ে আলাপ করা কোন গানের সঙ্গে কেমন কস্টিউম হবে কিরকম এক্সপ্রেশন হবে এটা ভাবটা কি মানে"
তার শিল্পীজীবনে সাদির অবদান নিয়ে, "আমার আজকে এই জায়গায় আসার পিছনে তো তার অবদান অনেকটাই। জীবনে যত বড় বড় ডান্স ড্রামা করেছি রবীন্দ্রনাথের সবই তো সাদীর গাওয়া গান আর ওই এক্সপ্রেশন গানের যেটার সঙ্গে আমি নাচটাকে দিতে পেরেছি মানুষের কাছে এটা তো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত।"
'আমি কে, প্রতিটি মানুষ ইম্পরট্যান্ট পৃথিবীতে'
সঞ্চালক নিকিতা তার কর্মজীবনকে 'বর্ণাঢ্য' বলতে চাইলে শিবলী আপত্তি করেন।
তার কথায়, "কিসের বর্ণাঢ্য আমি কাজ করেছি, এটা সত্যি কথা আমি জান প্রাণ দিয়ে আমি আমি নাচের জন্য করেছি অনেক কষ্ট করেছি এখনো করছি এখনো সপ্তাহে পাঁচ দিন নয়টা ১১ টা ক্লাস নেই তো আমি এতটাতে সময় ব্যয় করি।
নাচ-তাল-লয়-ঘুঙুরের জীবনেই তিনি মেতে থাকতে চান বলে জানিয়েছেন শিবলী মহম্মদ।
