০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা

শিবলী ও নিপার যুগলবন্দির পাশাপাশি এই সন্ধ্যায় থাকছে রেজওয়ানা চৌধুরীর রবীন্দ্রসংগীতের একক পরিবেশনা।

কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা

শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 10:45 PM

Updated : 02 Nov 2026, 10:45 PM

কানাডার টরন্টোতে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে মঞ্চে নাচবেন নৃত্যশিল্পী জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা।

এই আয়োজনের জন্য তারা দেশ ছাড়ছেন মঙ্গলবার।

নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা 'মোমেন্টস উইথ লেজেন্ডস'।

শিবলী ও নিপার যুগলবন্দির পাশাপাশি এই সন্ধ্যায় থাকছে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরীর একক পরিবেশনা।

অনুষ্ঠানে অংশ নিতে সফরের পরিকল্পনা, প্রস্তুতি ও দেশের নৃত্যাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন নিপা ও শিবলী।

তারা জানিয়েছেন, কানাডার আয়োজনের কেন্দ্রে আছেন তাদের শিক্ষার্থীরা। কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ১৪ নভেম্বরের মঞ্চে দুই শিল্পীর সঙ্গে নাচবেন।

অনুষ্ঠানের আগে ৭ ও ৮ নভেম্বর থাকছে একটি কর্মশালা। সেখানে যারা ভালো করবেন, শিবলী ও নিপা সঙ্গে পরিবেশনার সুযোগ পাবেন তারা।

মূল অনুষ্ঠানের পরিবেশনায় মঞ্চে থাকছে রবীন্দ্রনাথ, নজরুল, লালন, সুফি ও ধ্রুপদীসহ নানা ধারার গানের সঙ্গে পাঁচ-ছয়টি নাচ।

টরন্টোতে অনুষ্ঠানের এত আগে যাওয়ার কারণ কী জানতে চাইলে নিপা বলেন, "আমাদের তো একটা প্রস্তুতি আছে। সেখানে একটা ওয়ার্কশপ আছে। ওখানেই আমরা ছেলেমেয়েদের কিছুদিন একটু ট্রেনিং দেব। রিহার্সাল করতে হবে। আমরা প্রায় পাঁচটা নাচ করব। বিভিন্ন টাইপের নাচ, রবীন্দ্র, নজরুল, ফিউশন, দেশ, ফোক। তো সবকিছু মিলে ওদের একটু ট্রেনিং দিতে হবে আমাদের। তাই এবার একটু লম্বা একটা সময় নিয়ে যেতে হচ্ছে।"

অনুষ্ঠান নিয়ে প্রত্যাশা কেমন প্রশ্নে নিপা বলেন, "আমাদের প্রত্যাশা খুব আশাব্যঞ্জক এইজন্য, কারণ ওখানে আমাদের অনেক স্টুডেন্টরাও আছে আগে থেকেই। ওরাও খুব এক্সাইটেড, বারবার ফোন করছে যে কবে আসব আমরা। তো ভালো লাগে যে নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে। আমরা গেলাম, দুইজন পারফর্ম করলাম, সেটার মধ্যে একধরনের আনন্দ।

"আর যদি ওইখানকার লোকাল আর্টিস্টদের নিয়ে কাজ করা যায়, সেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপ্তি আছে। তারা যুক্ত হল, ওরা কিছু শিখতে পারে, পরবর্তীতে এটাও তারা চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। তো সেটা চিন্তা করেই আমরা এবারের প্ল্যানিংটা করেছি। আশা করি যে, মোটামুটি একটা ভালো অনুষ্ঠান করতে পারব।"

কানাডায় নিজেদের সাবেক শিক্ষার্থী ও ভক্তদের অপেক্ষার কথা তুলে ধরে শিবলী মহম্মদ বলেন, তাদের দীর্ঘ নৃত্যজীবনের অন্যতম বড় অর্জন হল, সারাবিশ্বে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থী। এই জুটির বহু ছাত্রছাত্রী কানাডেও বসবাস করছেন।

“এছাড়া অনেকে এখনও বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নিয়মিত নাচ শেখে। তারা আমাদের এই সফরের কথা শুনে ভীষণ উচ্ছ্বসিত। অটোয়া বা মন্ট্রিল থেকেও অনেকে আমাদের সঙ্গে পারফর্ম করতে টরন্টো আসবে। এই ভালোবাসা ও আত্মিক বন্ধন সত্যিই ভাষায় প্রকাশের নয়।"

কানাডায় তিন দিনের কর্মশালা ও ১৪ নভেম্বরের অনুষ্ঠান শেষে আগামী ২৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার। অনুষ্ঠানের আয়োজক নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি।

দেশে নৃত্য নিয়ে আয়োজন অনেকটা কমে গেছে কি না, প্রশ্নে রাজনৈতিক পট পরিবর্তনের কথা তুলে ধরেন শিবলী মহম্মদ।

তার কথায়, "সাম্প্রতিক নানা রাজনৈতিক অস্থিরতার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে আয়োজনের গতি কিছুটা শ্লথ হলেও আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি।”

আগামীতে পরিস্থিতি ‘আরও স্বাভাবিক হয়ে আসবে’ বলে আশা করছেন এই নৃত্যশিল্পী।