রোহিঙ্গা গণহত্যার রায়: লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বহিষ্কার
এ রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে রায় আসার পর দেশটির বিরুদ্ধে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।
রায়ের পর লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে (ডিফেন্স অ্যাটাশে) বহিষ্কার করেছে দেশটি। তলব করা হয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।
এছাড়া এ রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।
আনাদালু এজেন্সির তথ্যানুযায়ী, বৃহস্পতিবার আইসিজের রায় ঘোষণার পর এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় আইনি লড়াইয়ে আইসিজেতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশ যুক্ত হয়েছিল। রায়ের পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আমরা মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি।
“রায়ের বিষয় আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের আহ্বান জানাচ্ছি।”
লন্ডনে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবের তথ্য দিয়ে মিলিব্যান্ড বলেন, “আমরা মিয়ানমারের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করছি এবং দায়ীরা যাতে জবাবদিহিতার মুখোমুখি হয়, সেটার পদক্ষেপ সামনের দিনগুলোকে ঠিক করব আমরা।
“রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে তাদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভূক্তিমূলক ভবিষ্যতের জন্য সহায়তার ক্ষেত্রে আমরা অবিচল থাকব।”
রায়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই ধরনের অপরাধ করে যে দায়মুক্ত থাকা যাবে না, আদালতের আদেশের মাধ্যমে সেই পরিস্কার বার্তা যাতে যায়, আমাদেরকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
“বছরের পর বছর ধরে রোহিঙ্গারা জঘন্য সহিংসতা, বাস্তুচ্যুতি ও নির্যাতন ভোগ করেছে। মিয়ানমারকে অবশ্য এই রায় মানতে হবে। রায়ের বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।”
