২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে ‘অগ্নিসংযোগের চেষ্টা’

ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:18 AM

Updated : 22 Nov 2026, 09:18 AM

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে ‘অগ্নিসংযোগ চেষ্টার’ অভিযোগ উঠেছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে ফেইসবুক পোস্টে দাবি করেছেন তিনি।

সাদিক কায়েম লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছিলেন।

ডাকসু ভিপি বলেন, “সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়।”

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, “রাত ৩টার পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

“ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।”