খুলনায় বাইকে এসে বিএনপি নেতাকে গুলি
দক্ষিণাঞ্চলের জেলা খুলনায় এখন হত্যা, হত্যাচেষ্টা ও গোলাগুলি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
খুলনার তেরখাদা উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করেছে একদল অস্ত্রধারী।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর বাজার লাগোয়া বন্ধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সি মাফিক সরকারকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাফিক উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
স্থানীয়দের বরাতে তেরখাদা থানার ওসি আহমেদ আলী বিশ্বাস জানান, মাফিক সরকার মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। বন্ধুর মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন অস্ত্রধারী তার পথরোধ করে।
একপর্যায়ে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা। এর মধ্যে তিনটি গুলি মাফিকের কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়।
ওসি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
দক্ষিণাঞ্চলের জেলা খুলনায় এখন হত্যা, হত্যাচেষ্টা ও গোলাগুলি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে খুলনা জেলা ও মহানগরে ৭৮ জন হত্যার শিকার হয়েছেন। গুলিতে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
এর মধ্যে গেল এক মাসেই অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন নয়জন। তার মধ্যে পাঁচজন মারা গেছেন খুলনা মহানগরে; তিনজন রূপসা উপজেলায় এবং অপরজন ডুমুরিয়ায় প্রাণ হারিয়েছেন।
