১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি, আহত হয়েছেন ভ্যানচালকও

মোটরসাইকেলে এসে মুখোশধারী দুই ব্যক্তি সোলায়মানকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 11:50 AM

Updated : 18 Nov 2026, 11:50 AM

খুলনার নগরের আড়ংঘাটা এলাকায় এক ঘের ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। এ সময় তাকে বহনকারী ভ্যানের চালকও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান।

তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ৫৪ বছর বয়সি ঘের ব্যবসায়ী সোলাইমান ফকির ওই এলাকার নবী ফকিরের ছেলে। ভ্যানচালক ৬৫ বছর বয়সি আবদুল খালেক।

ওসি হালিমুর রহমান বলেন, রাতে খালেকের ভ্যানে করে সোলায়মান বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে মুখোশধারী দুই ব্যক্তি সোলায়মানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি সোলায়মান ফকিরের ডান পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। আরেকটি গুলি ভ্যানচালক খালেকের বাম হাতে বিদ্ধ হয়।

এ সময় প্রাণ বাঁচতে সড়কের পাশে খালে ঝাঁপিয়ে পড়েন সোলাইমান ফকির। এতে শরীরের বিভিন্ন অংশে তিনি আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অস্ত্রোপচারের পর তারা এখন আশঙ্কামুক্ত আছেন বলে জানান ওসি।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ভ্যানে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মুখোশধারী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আহত দুজন সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হবে বলেন তিনি।

আড়ংঘাটা ওসি বলেন, অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

খুলনায় প্রায় প্রতিদিনই খুন, হত্যাচেষ্টা আর গোলাগুলির ঘটনায় আতঙ্ক; চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মানুষের।

পুলিশের হিসাব বলছে, চলতি বছরের গত সাড়ে ১০ মাসে নগরে ৩৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় গুলিতে জখম হয়েছেন আরও অর্ধশত। আর জেলায় হত্যাকাণ্ড ঘটেছে ৪০টি।

এ পরিস্থিতিতে বিশেষ অভিযানের পাশাপাশি নগর জুড়ে মহড়া শুরু করেছে যৌথবাহিনী।