এআই আর ভিডিও দেখে ইয়াবার কারিগর, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার
“সে কীভাবে বিষয়টি মাথায় এনেছে, কত দিন ধরে এ কাজ করে, কোথাও ইয়াবা বিক্রি করেছে কি না— সব খতিয়ে দেখা হবে, বলেন ওসি।
সদ্য কৈশোর পার হওয়া তরুণ; একসময় কাজ করতেন সোনার দোকানে; মাঝে মাঝে সেবন করতেন ইয়াবা।
একসময় তার ইচ্ছা জাগে ইয়াবা বানানো শেখার। এরপর ইউটিউব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে রপ্ত করতে থাকেন ইয়াবা বানানোর পদ্ধতি। একপর্যায়ে লাখ টাকা দিয়ে কেনেন ইয়াবা তৈরির মেশিন। এর মধ্যে পুলিশের হাতে ধরা পড়ে যান তৌহিদুল আলম আকিব।
হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় শনিবার রাতে তার বাসায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ জব্দ করে ইয়াবা তৈরির মেশিন।
গ্রেপ্তার তৌহিদুল আলম আকিবের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় হলেও মা-বাবার সঙ্গে থাকেন কুয়াইশ এলাকায়।
পুলিশ জানায়, নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় দুটি ইয়াবাসহ আকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুয়াইশ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনটি পাওয়া যায়।
পুলিশ বলেছে, মেশিনটি সে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মাস কয়েক আগে নায়ারণগঞ্জের সাইনবোর্ড এলাকার এক ব্যক্তির কাছ থেকে কিনেছিল।
আকিব পুলিশকে জানায়, অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে নজু মিয়া হাটে একটি স্বর্ণের দোকানে চাকরি নিয়েছিলেন। কয়েক বছর পর সে কাজ ছেড়ে দেন।
তার দাবি, মেশিনের ডাইসটি বড় ধরনের ট্যাবলেট তৈরির হলেও সে সেখানে ছোট সাইজের ট্যাবলেট তৈরির ডাইস বসান এবং সেখানে কিছু দিন ধরে ময়দা, সুজি, রং, বেকিং সোডা ও মেনথল দিয়ে ইয়াবা বানানোর চেষ্টা করেন।
তবে ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট তৈরি করতে পারলেও আসল ইয়াবা তৈরি করতে পারেনি বলে দাবি করেন আকিব।
চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় দুই পিস ইয়াবাসহ আকিবকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা তৈরির বিষয়টি আমাদের জানায়।
“এরপর আমরা তার দেওয়া তথ্যে কুয়াইশ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনটি জব্দ করি।”
ওসি ইখতিয়ার বলেন, “বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করব। সে কীভাবে ইয়াবা তৈরির বিষয়টি মাথায় এনেছে, কত দিন ধরে সে এ কাজে সম্পৃক্ত এবং কোথাও কোনো ইয়াবা বিক্রি করেছে কিনা, সব খতিয়ে দেখা হবে।”
