মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের নেতা’ সিরাজসহ গ্রেপ্তার ৪
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. সিরাজসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. মোক্তার হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. সাগর মিয়া (৩৯)।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে (২৬) গ্রেপ্তার করা হয়।
তিনি একজন ‘চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের নেতা’ বলে এসআরবির ভাষ্য।
একই রাতে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল, শহীদ সলিমুল্লাহ রোডের মোহাম্মদপুর কবরস্থান এবং শিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মোক্তার, আনোয়ার ও সাগরকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তারা চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সিরাজের বিরুদ্ধে ধানমন্ডি, মিরপুর মডেল ও মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে।
মোক্তার হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, তেজগাঁও শিল্পাঞ্চল, লালবাগ, চকবাজার ও শাহবাগ থানায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হত্যাচেষ্টা, মাদক, চুরি ও ছিনতাইয়ের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
সাগর মিয়ার বিরুদ্ধে চকবাজার, শাহবাগ ও লালবাগ থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
