মোহাম্মদপুরে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।
এ সময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার, ২টি চাকু, ৪টি লোহার রড, ১টি করাত কাটা চাকুসহ ছিনতাই হওয়া ৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
ওসি হালিম বলেন, গ্রেপ্তারদের মধ্যে হাসনাইন হাসান নামে একজন রয়েছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর থানায় অন্তত ছয়টি ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেপ্তার বাকিদের বিস্তারিত নাম-পরিচয় জানাননি তিনি।
গ্রেপ্তারদের মধ্যে দুই কিশোর ও এক নারী রয়েছেন জানিয়ে ওসি আব্দুল হালিম বলেন, গ্রেপ্তাররা পথচারী, বাসের যাত্রী, রিকশার আরোহী অথবা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীর স্বজনদের নিশানা করত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে, কখনো নারী পথচারীদের অসাবধানতার কারণে ব্যাগ থেকে মোবাইল-টাকা পয়সা হাতিয়ে নিত।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আব্দুল হালিম।
