২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে পিস্তলের ছবি দেখে অভিযান, গ্রেপ্তার চাচা-ভাতিজা

কচুয়া থানা পুলিশের সহযোগিতায় চাচার বাড়িতে অভিযান চালায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:34 PM

Updated : 25 Nov 2026, 08:34 PM

চাঁদপুরের কচুয়া পৌরসভায় এক যুবকের মোবাইলে পিস্তলের ছবি দেখে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।

গ্রেপ্তার দুজন হলেন ওই গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পৌরসভার গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহ হওয়ায় ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে আরাফাত পুলিশকে জানান, পিস্তলটি তার চাচা নাহিদের। শখ করে পিস্তল হাতে নিয়ে তিনি ছবিটি তুলেছিলেন।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে, বুধবার ভোরে কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদের বাড়িতে অভিযান চালায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় নাহিদের ঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা পুলিশের এসআই কালাম গাজী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্টে আটক অন্য ১০ যুবকও থানায় রয়েছেন।

ওসি ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।