২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিরল আউট, বল না খেলেই বোল্ড ডটিন!

বিগ ব্যাশে নতুন নিয়মে অরক্ষিত স্টাম্পে বল করলেন বোলার, একটু দূরে দাঁড়িয়ে অসহায়ভাবে নিজের আউট হওয়া দেখলেন ব্যাটার!

বিরল আউট, বল না খেলেই বোল্ড ডটিন!

ছবি: ভিডিও থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:31 PM

Updated : 25 Nov 2026, 08:31 PM

উইমেন’স বিগ ব্যাশে অভাবনীয় এক দৃশ্যের সাক্ষী হলো মেলবোর্ন রেনেগেডস ও ব্রিজবেন হিটের ম্যাচ। ব্যাটিং করতে ক্রিজে আসার পর কোনো বল খেলার সুযোগ পাওয়ার আগেই বোল্ড আউট হলেন ব্যাটার!

মেলবোর্নে বুধবার নতুন এক নিয়মে ‘ফ্রি বলে’ আউট হন রেনেগেডসের ডিয়ান্ড্রা ডটিন। টুর্নামেন্টটির ইতিহাসে এভাবে আউট হওয়া প্রথম ব্যাটার তিনিই।

১৩৮ রানের লক্ষ্য তাড়ায় ১৫তম ওভারে রেনেগেডসের স্কোর যখন ৪ উইকেটে ৯৭, তখন ক্রিজে আসেন ডটিন। তবে তিনি পৌঁছাতে দেরি করে ফেলেন, ক্রিজে পৌঁছানোর পর হেলমেট ঠিক করতে শুরু করেন এবং গ্লাভস পরতে থাকেন।

২০২১-২২ মৌসুমের আগে টুর্নামেন্টের সংশোধিত ‘টাইমড আউট’ নিয়ম অনুযায়ী, আগের ব্যাটার আউট বা অবসর নেওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত হতে হয়।

যদি নতুন ব্যাটার তা করতে ব্যর্থ হন, যেমনটি ডটিনের ক্ষেত্রে হয়েছে, তাহলে তাকে পিচের পাশে (লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে অন্তত ৫ মিটার দূরে) দাঁড়িয়ে থাকতে হয় এবং বোলারকে বল করার সুযোগ দিতে হয়।

ডটিন যখন স্কয়ার লেগের কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন, তখন বোলার সারাহ গ্লেন অরক্ষিত স্টাম্পে বল করে স্টাম্পে আঘাত করেন এবং ডটিনকে শূন্য রানে বোল্ড আউট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, এই ডেলিভারিটি ওভারের একটি বল হিসেবেও গণ্য হয়।

এক্ষেত্রে বল যদি স্টাম্পে না লাগে, তাহলে সেটিকে ‘ডট বল’ হিসেবে গণ্য করা হয়।

ডটিনের ওভাবে আউট হওয়ার পরও রেনেগেডস ম্যাচ জিতেছে শেষ বলে, ৩ উইকেটে।

ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে রেনেগেডস অধিনায়ক ও ম্যাচ সেরা হওয়া সোফি মলিনিউ বলেন, “ক্রিকেটে এমন কিছু আগে কখনও দেখিনি।

“গ্লেনি (সারাহ গ্লেন) যেভাবে এটি কার্যকর করেছে, তা প্রশংসনীয়। সম্ভবত আমাদের দিক থেকে ডটিনকে প্যাড পরে মাঠে পাঠানোর সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তবে এটি আমাদের জন্য বড় শিক্ষা এবং অন্যান্য যেসব দল দেখছিল তাদের সবার জন্যই হয়তো একটি শিক্ষা। আমার মনে হয় না আগামী ১০ বছরে এমন ঘটনা আর দেখা যাবে।”