রাশিয়ার নিজস্ব পরিসংখ্যানেই ইউক্রেইন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা নিহতের তথ্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন, ইউক্রেইন যুদ্ধ শেষ হবে কয়েক দিনে। অথচ পাঁচ বছরে রাশিয়ায় মৃত্যুর চিত্রই বদলে গেছে।
২০২২ সালে ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছে। রাশিয়া সরকারের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান রোসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, ইউক্রেইনে সর্বাত্মক হামলা চালানোর পর রাশিয়ায় মানুষের মৃত্যুর ধরন পুরো বদলে গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন এই যুদ্ধ মাত্র কয়েক দিন চলবে, কিন্তু তা এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। আর এজন্য রাশিয়াকে বিপুল প্রাণহানির চড়া মূল্য দিতে হচ্ছে।
বেলারুশ ও ইউক্রেইনের দুটি হ্যাকার গোষ্ঠীর তথ্য ফাঁসের পর, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে বিবিসি রুশ বিভাগ।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার কথা স্বীকার করলেও কোনও সংরক্ষিত তথ্য ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধে ক্ষয়ক্ষতির হিসাব কেবল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ই আনুষ্ঠানিকভাবে জানাতে পারে। অন্য কোনও সূত্রের তথ্য বিবেচনায় না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে হতাহতের কোনও সরকারি হিসাব প্রকাশ করেনি।
স্বতন্ত্র রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি রুশ বিভাগ রোসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের সঙ্গে নিজেদের সংগ্রহে থাকা নিহত রুশ সেনাদের তালিকার তুলনা করেছে। যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত বিভিন্ন উৎস থেকে তৈরি করা বিবিসির সেই তালিকার সঙ্গে রোসস্ট্যাটের ৯০ শতাংশ নথির হুবহু মিল পাওয়া গেছে।
সামরিক বিশেষজ্ঞদের ধারণা, সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিস্তম্ভ এবং কবরস্থান থেকে তথ্য সংগ্রহ করে বিবিসি ২ লাখ ৯০ হাজার ১২ জন নিহতের যে তালিকা তৈরি করেছে, তা প্রকৃত মৃতের সংখ্যার মাত্র ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সেই হিসাবে যুদ্ধে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে হতে পারে।
নথিপত্রের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৬৫ শতাংশেরই প্রাণ হারিয়েছে ইউক্রেইন যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে যুদ্ধে মৃত্যুর এই হার ৫৯ শতাংশ। একমাত্র ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের ক্ষেত্রেই যুদ্ধের চেয়ে হৃদরোগে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তথ্যে ইউক্রেইনের নির্দিষ্ট কিছু অঞ্চলে রাশিয়ার ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্রও ফুটে উঠেছে। যুদ্ধের আগে ইউক্রেইনের যে ১০টি গ্রামের মোট জনসংখ্যা ছিল ১২ হাজার, কেবল সেই গ্রামগুলো দখল করার লড়াইয়েই নিহত হয়েছে প্রায় ২০ হাজার রুশ সেনা।
দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিভকা নামের একটি ছোট গ্রাম দখলের লড়াইয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা নিহত হয়েছে। অথচ যুদ্ধ শুরুর আগে ওই গ্রামে মাত্র ৭৪ জন মানুষের বাস ছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ক্ষয়ক্ষতির কোনও সরকারি পরিসংখ্যান দেয় না। আর দুই বছর আগে রোসস্ট্যাট’ বাহ্যিক কারণে মৃত্যুর' তথ্য প্রকাশও বন্ধ করে দেয়, যে হিসাব দেখেই মূলত সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা পরিমাপ করা হত।
উদাহরণস্বরূপ, পূর্ব ইউক্রেইনের অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব বাসিন্দা রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করে প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে বিবিসি’র নিশ্চিত করা মৃত্যুর সংখ্যার মাত্র ৭০ শতাংশের হিসাব রোসস্ট্যাটের নথিতে পাওয়া গেছে।
