২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপির ৬ নেতার পদত্যাগ

পদত্যাগের কারণ হিসেবে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা বলেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 07:59 PM

Updated : 25 Nov 2026, 07:59 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপির ৬ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা নেতারা হলেন- পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ এবং মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন।

এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুকে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।