জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি
“প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী এবং তারা প্রত্যক্ষদর্শী।” বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, তার এমন শাস্তি হওয়া উচিত যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত হয়ে যান’।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুনানিতে তিনি এ কথা বলেন।
সাবেক সেনা এই কর্মকর্তার ভূমিকার প্রসঙ্গ তুলে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন।
তিনি বলেন, “মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যাতে তিনি সেখানে প্রবেশ করতে না পারেন।
“তবে এ ধরনের ব্যক্তিকে শুধু সেনানিবাস থেকে নয়, গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা উচিত।”
একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন, এভাবে বিস্ময় প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, “সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথাও এসেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। যাদের হত্যা করা হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না। তাই জিয়াউলকে এমন শাস্তি দেওয়া উচিত, যাতে তিনি গোটা পৃথিবী থেকেই অবাঞ্ছিত হয়ে যান।”
যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, “আজকে জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, সে বিষয়ে যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।”
তিনি বলেন, “প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী এবং তারা প্রত্যক্ষদর্শী। তাদের সামনে বা অংশগ্রহণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
সাক্ষীদের জবানবন্দির বরাতে আমিনুল ইসলাম বলেন, “প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা তার বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নিয়ে বিভিন্ন ঘটনা সাজিয়ে হত্যা করা হতো। কাউকে বালিশ ঠেকিয়ে গুলি করা হতো, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।”
জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগে ১১৫ জনকে হত্যার কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাক্ষীরা বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা বলেছেন। তবে তদন্তে ১০০ থেকে ১১৫ জনের মতো হত্যার তথ্য পাওয়া গেছে।
গুমের বিষয়ে তদন্ত চলমান থাকায় এ সংখ্যা চূড়ান্ত নয়; আরও বেশি হতে পারে, বলেন প্রধান কৌঁসুলি।
‘পারসোনা নন-গ্রাটা’ শব্দবন্ধ ব্যবহারের ব্যাখ্যায় সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে জিয়াউলকে ‘দুনিয়া থেকেই অবাঞ্ছিত’ করার অভিপ্রায় বোঝাতে তিনি এ কথা বলেছেন।
এমন মানুষের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম।
সাজার বিষয়টি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই বিষয়টি বোঝাতেই প্রতীকী ও আক্ষরিক অর্থে জিয়াউল আহসানকে দুনিয়া থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ উচিত বলেছেন তিনি।
তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন তারা।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুরু করেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি।
বৃহস্পতিবারও রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। তা শেষ হলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনালের আদেশে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে সশরীরে হাজির না করে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। প্রসিকিউশন দলের সদস্যদের পাশাপাশি মানবাধিকার প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা হক তুলি এবং নিখোঁজ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরাও শুনানিতে উপস্থিত ছিলেন।
মামলার যুক্তিতর্ক বিটিভি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগে গেল বছরের ১৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
শুনানি শেষে ওই দিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
এ মামলায় তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ১৫তম ও শেষ সাক্ষী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেন।
রোববার জিয়াউল আহসানের পক্ষে একজন সাফাই সাক্ষী উপস্থাপন করেন। এরপর আদালত যুক্তিতর্কের জন্য দিন ঠিক করে।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ অগাস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ১৬ অগাস্ট তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
