২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার সেলিম রেজা বিপুল (৪৮) উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 07:51 PM

Updated : 25 Nov 2026, 07:51 PM

যশোরের শার্শা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শার্শা থানার ওসি মো. শামিনুল হক জানান।

গ্রেপ্তার সেলিম রেজা বিপুল (৪৮) উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কেরালখালী (উত্তরপাড়া) গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান শামসুর রহমানের ছেলে। তিনি শার্শা উপজেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ওসি শামিনুল হক বলেন, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।